বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে বরিশালে দুই কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ফরম পূরণ, সেমিস্টার ফিসহ অন্যান্য বর্ধিত ফি কমানোর দাবিতে বরিশাল নগরের দুটি কলেজের শিক্ষার্থীরা নগরের ব্যস্ততম সদর রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা বিক্ষোভ করেন তাঁরা। এ সময় শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে সড়কের ওপর বসে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
নগরীর সরকারি মহিলা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেন। পরে মিছিল নিয়ে বেলা ১১টার দিকে সদর রোডের অশ্বিনীকুমার হলের সামনে সড়ক অবরোধ করেন তাঁরা। এদিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেওয়ায় সদর রোডসহ পুরো শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
কলেজ বন্ধ থাকলেও সেশন ফি, শিক্ষা সফর ফি, সেমিনার ফিসহ নানা ধরনের অযাচিত ফি আরোপ করে অতিরিক্ত ফি নির্ধারণ করা হয়েছে। করোনাকালে এত ফি পরিশোধ করা তাঁদের পক্ষে অসম্ভব।
সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নিলেও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) ছাত্রসংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এই আন্দোলনের নেতৃত্ব দেয়। সড়ক অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বলেন, করোনার কারণে প্রায় ১৭ মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। এই সময়ে তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে ক্লাসও হয়নি। অথচ হঠাৎ দ্বিতীয় বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফরম পূরণের ঘোষণা দেওয়া হয়েছে।
কলেজ বন্ধ থাকলেও সেশন ফি, শিক্ষা সফর ফি, সেমিনার ফিসহ নানা ধরনের অযাচিত ফি আরোপ করে অতিরিক্ত ফি নির্ধারণ করা হয়েছে। করোনাকালে এত ফি পরিশোধ করা তাঁদের পক্ষে অসম্ভব। তাঁরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি ছাড়া অন্য সব ধরনের ফি মওকুফের দাবি জানান।
অবরোধ চলাকালে শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্যসচিব মনীষা চক্রবর্তী। তিনি বলেন, করোনাকালে সরকারি হিসাবেই দেশের দেড় কোটি মানুষ গরিব হয়েছে। এর বাইরেও অনেক পরিবার জীবিকা হারিয়ে পথে বসেছে। একবেলা খাবার জোটাতে তাদের কষ্ট হচ্ছে। এমন অবস্থায় সরকার শিল্পমালিকদের হাজার হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছে। অথচ শ্রমজীবী ও মধ্যবিত্ত শ্রেণির জন্য কোনো প্রণোদনা তো দূর, সহানুভূতিটুকুও জানায়নি। উপরন্তু দেশের সরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের মধ্যবিত্ত শ্রেণির লাখ লাখ শিক্ষার্থীর ওপর পরীক্ষার নামে অতিরিক্ত ফি চাপিয়ে দিয়েছে। এটা নিপীড়ন ছাড়া কিছুই নয়।
অবিলম্বে সব ধরনের অযাচিত ফি মওকুফ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি নিয়ে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান মনীষা চক্রবর্তী। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। শিক্ষার্থীদের অবরোধ চলাকালে বিপুলসংখ্যক পুলিশ সদস্য সতর্ক অবস্থানে ছিলেন।
এদিকে বেলা দেড়টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে নগরে যান চলাচল স্বাভাবিক হয়। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, প্রতিটি কলেজে হাজারো শিক্ষার্থী রয়েছেন। অথচ অল্প কয়েকজন শিক্ষার্থী কয়েক দিন ধরে বরিশাল নগরের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।