বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে বরিশালে বিএম কলেজশিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরম পূরণের নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শনিবার দুপুরে
প্রথম আলো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরম পূরণের ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুরে ক্যাম্পাসের জিরো পয়েন্টে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।

মানববন্ধন শেষে অযৌক্তিক ফি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার ফটকের সামনে এলে শিক্ষার্থীরা কলেজ রোড অবরোধ করেন। এ সময় সেখানে অবস্থান নিয়ে সমাবেশ করেন শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্ধারিত ফির বাইরে ফরম পূরণের নামে শিক্ষার্থীদের ওপর নানা অযৌক্তিক ফি চাপিয়ে দিয়েছে কলেজগুলো। অন্যান্য কলেজে স্নাতক চতুর্থ বর্ষের ফরম পূরণে যেখানে ৩ হাজার ৭০০ টাকা ফি নেওয়া হচ্ছে, সেখানে বিএম কলেজের শিক্ষার্থীদের ওপর নানা অজুহাতে সাত হাজার টাকার ফি চাপিয়ে দেওয়া হয়েছে। এত টাকা করোনাকালে দেওয়া অসম্ভব।

শিক্ষার্থীরা বলেন, অন্যান্য কলেজে স্নাতক চতুর্থ বর্ষের ফরম পূরণে যেখানে ৩ হাজার ৭০০ টাকা ফি নেওয়া হচ্ছে, সেখানে বিএম কলেজের শিক্ষার্থীদের ওপর নানা অজুহাতে ৭ হাজার টাকার ফি চাপিয়ে দেওয়া হয়েছে।
ফরম পূরণের নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। শনিবার দুপুরে
প্রথম আলো

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবিলম্বে অন্যান্য কলেজের মতো বিএম কলেজেও ৩ হাজার ৭০০ টাকা ফি নির্ধারণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

প্রায় দুই ঘণ্টা ধরে এ কর্মসূচি চলাকালে বিএম কলেজের সামনের ব্যস্ততম সড়কটিতে যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা। কর্মসূচি চলাকালে কলেজের অধ্যক্ষসহ জ্যেষ্ঠ শিক্ষকেরা শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেন এবং সড়ক অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন। পরে দুপুর সোয়া দুইটার দিকে কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ সাময়িক প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা।