বর্ধিত ফি মওকুফের দাবিতে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
সম্মান দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীদের সেশন ও রেজিস্ট্রেশন ফি এবং কলেজের নির্ধারিত ফি মওকুফের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনের সড়কে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা সেখানে বসে অবস্থান নেন ও সমাবেশ করেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানিয়েছেন, করোনার কারণে দেড় বছরের বেশি সময় ধরে কলেজ বন্ধ। করোনাকালে দেশের মানুষের আর্থসামাজিক অবস্থা বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ সেমিনার, স্কাউট, শিক্ষাসফর, ম্যাগাজিন, পরিবহনসহ বিভিন্ন খাতে অযাচিত ফি ধার্য করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফি ২ হাজার ৪০০ টাকা, কিন্তু কলেজ কর্তৃপক্ষ নানা ফি মিলিয়ে ধার্য করেছে ৬ হাজার টাকা। এসব অযাচিত ফি দেওয়া তাঁদের পক্ষে অসম্ভব। তাই তাঁরা বাধ্য হয়ে প্রতিবাদে নেমেছেন।
বিএম কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবির প্রতি সহানুভূতিশীল। এ জন্য বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। আশা করি, দ্রুত এর একটি সমাধান হবে।’