পায়রা সেতু
বর্ষার বাগড়া, উদ্বোধন হতে পারে অক্টোবরে
সেতুর ওপরে কার্পেটিং ও দক্ষিণ পাড়ের সংযোগ সড়কের অবশিষ্ট অংশের কাজ আটকে আছে।
আগামী সেপ্টেম্বরে পায়রা সেতু চলাচলের জন্য উন্মুক্ত করার তোড়জোড় চললেও বর্ষা মৌসুমে গতি হারিয়েছে শেষ মুহূর্তের কাজ। ফলে এই সেতু উন্মুক্ত হতে আরও এক মাস দেরি হতে পারে।
সেতু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, তাঁদের পরিকল্পনা ছিল সেপ্টেম্বরেই সেতুটি উন্মুক্ত করার। সেই অনুযায়ী শেষ ধাপের কাজও এগোচ্ছিল। কিন্তু জুন থেকে ভারী বর্ষণের কারণে এক মাস কাজই করা যায়নি। বিশেষ করে সেতুর ওপরে কার্পেটিং ও দক্ষিণ পাড়ের সংযোগ সড়কের অবশিষ্ট অংশের কাজ থমকে আছে বৃষ্টির কারণে। এ ছাড়া টোল প্লাজার সঙ্গে ভবনটির কাজও সম্পন্ন হয়নি। ফলে কাজে অনেকটা স্থবিরতা দেখা দেয়। এরপরও অক্টোবরে সেতুটি চালু হবে। আর ঠিকাদারি প্রতিষ্ঠানের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে অক্টোবর পর্যন্ত।
নির্মাণাধীন সেতুর উত্তরে বরিশালের বাকেরগঞ্জের লেবুখালী এবং দক্ষিণে পটুয়াখালীর দুমকি উপজেলা। ১ হাজার ৪৭০ মিটার দৈর্ঘ্য ও ১৯ দশমিক ৭৬ মিটার প্রস্থের সেতুটি কেব্ল দিয়ে দুই পাশে সংযুক্ত থাকবে। উভয় পাড়ে সাত কিলোমিটারজুড়ে নির্মাণ করা হচ্ছে সংযোগ সড়ক। নদীর মাঝখানে মাত্র একটি পিলার ব্যবহার করা হয়েছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ঠিক থাকবে। এর নির্মাণব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৪৬ কোটি টাকা।
ঢাকা থেকে বরিশাল হয়ে সমুদ্রসৈকত কুয়াকাটা যেতে এখনো দুটি নদীতে ফেরি পারাপার হতে হয়। একটি পদ্মা, অন্যটি পায়রা। এ দুটি নদী পারাপারে দীর্ঘ সময় লাগার পাশাপাশি যাত্রীদের বেশ ভোগান্তি পোহাতে হয় প্রতিনিয়ত।
এরই মধ্যে পায়রার মূল সেতুটির অবকাঠামোর কাজ ৯৬ ভাগ শেষ হয়েছে। করোনা মহামারির কারণে এই সেতুর নির্মাণকাজের অগ্রগতি নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল গত বছর। কিন্তু চলতি বছরের জানুয়ারিতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর কাজে গতি পায়। গত ফেব্রুয়ারিতে মূল সেতুটির অবকাঠামো দুই পাড়ের সঙ্গে সংযুক্ত হয়ে যায়। সেতুটি চালু হলে বরিশাল থেকে কুয়াকাটা সমুদ্রসৈকতে যেতে আর ফেরি ব্যবহার করতে হবে না। পায়রা বন্দর, কৃষি ও মৎস্যকেন্দ্রিক অর্থনীতিও গতি পাবে।
গত সোমবার সরেজমিন দেখা যায়, নদীর মধ্যে ৬৩০ মিটার দৈর্ঘ্যের ৪টি স্প্যানের ওপর সেতুর মূল অবকাঠামোর ওপরে কার্পেটিংয়ে কাজ বেশ কিছু অংশে হয়ে গেছে। দুই পাড়ের সংযোগ সড়ক, টোল প্লাজা, ওজন নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন এবং নদীশাসনের কাজও চলছে।
পায়রা গুরুত্বপূর্ণ নৌপথ হওয়ায় বিষয়টি মাথায় রেখেই নকশা করা হয়েছে। ফলে জলতল থেকে সেতুটি নদীর ১৮ দশমিক ৩০ মিটার উঁচুতে নির্মাণ করা হয়েছে। বাতি জ্বলবে সৌরবিদ্যুতের সাহায্যে। ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান লংজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন সেতুটি নির্মাণে কাজ করছে।
পায়রা সেতুর প্রকল্প পরিচালক মোহাম্মদ আবদুল খালেক বলেন, জুনে বর্ষা এবং জুলাইতে এসে তা আরও বেড়ে যাওয়ায় এবং করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় কাজে সেতুর কাজে গতি কমেছে। বিশেষ করে গত এক মাস কোনো কাজই করা যায়নি। তারপরও সর্বোচ্চ অক্টোবরের মধ্যে সেতুটি উন্মুক্ত করা যাবে।