বসতঘরে মিলল স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক রশিতে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর লাশ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে উপজেলার নরপতি গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, এটি হত্যাকাণ্ড। পুলিশের ভাষ্য, এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া বলা যাচ্ছে না।
উদ্ধার লাশ দুটি উপজেলার দক্ষিণ নরপতি গ্রামের আবদুর রউফ (৩৮) ও তাঁর স্ত্রী আলেয়া আক্তারের (৩০)। আবদুর রউফ রিকশাচালক ছিলেন। তাঁর স্ত্রী মধ্যপ্রাচ্যফেরত একজন গৃহকর্মী। তাঁদের রায়হান (১০) ও ফরহাদ (৬) নামের দুই শিশুপুত্র আছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আবদুর রউফ ও আলেয়া আক্তার দম্পতি গ্রামের হাওরে একটি বাড়ি তৈরি করে সেখানে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। তাঁদের আশপাশে আর কোনো বাড়িঘর নেই। প্রতিদিনের মতো নিজ বাড়িতে রাতের খাবার শেষে তাঁরা ঘুমিয়ে পড়েন। আজ শুক্রবার সকালে তাঁদের দুই সন্তান রায়হান ও ফরহাদ ঘুম থেকে উঠে দেখতে পায়, ঘরের আড়ার সঙ্গে এক রশিতে তাঁদের মা-বাবার লাশ ঝুলছে। পরে খবর পেয়ে পুলিশ এসে সকাল সাড়ে ১০টার দিকে লাশ দুটি উদ্ধার করে।
আবদুর রউফের বাবা আবুল হোসেন ও আলেয়া আক্তারের বাবা জমির আলী দাবি করেন, এটি হত্যাকাণ্ড। তাঁরা হাওরে বাড়ি করে বসবাস করে আসছিলেন। দুর্বৃত্তরা তাঁদের হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে গেছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আশরাফ বলেন, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। তাঁদের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না।