বসতঘরে হেরোইন রাখার দায়ে গৃহবধূর যাবজ্জীবন
বসতঘরে হেরোইন রাখার দায়ে কাজল বেগম (৩৫) নামের এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। নাটোরের দায়রা জজ মো. শরীফ উদ্দীন আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
সাজা পাওয়া কাজল বেগম সদর উপজেলার নজরপুর গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী। খাইরুলও এ মামলার আসামি ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। আদালত খাইরুলের স্ত্রী কাজল বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন।
মামলার বরাত দিয়ে নাটোরের দায়রা জজ আদালত সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নাটোর সার্কেলের পরিদর্শক এস এম এলতাস উদ্দিন ২০২১ সালের ২২ জুন সন্ধ্যায় নজরপুর গ্রামের খাইরুল ইসলামের বসতঘর থেকে ৩০ গ্রাম হেরোইনসহ কাজল বেগমকে গ্রেপ্তার করেন। এ বিষয়ে ওই দিনই তিনি কাজল ও খাইরুলকে আসামি করে সদর থানায় মামলা করেন। তদন্ত শেষে নাটোর সার্কেলের উপপরিদর্শক তাইজুল ইসলাম একই বছরের ৭ সেপ্টেম্বর তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলাটি নাটোরের দায়রা জজ আদালতে বিচারের জন্য আসে। বিচারক সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি আরিফ সরকার বলেন, দণ্ডপ্রাপ্ত কাজল বেগম গোপনে হেরোইনের ব্যবসা করতেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর কাজলকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ রায় মাদকের ব্যবসা বন্ধে সহায়ক হবে।
তবে আসামিপক্ষের আইনজীবী বলেন, রায়ে কাজল বেগম ন্যায়বিচার পাননি। এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তিনি।