বসুরহাটের মেয়রের গৃহকর্মীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বাড়ির গৃহপরিচারিকাকে গতকাল শনিবার সন্ধ্যায় হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। সে বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই।
মেয়র আবদুল কাদের মির্জা প্রথম আলোকে বলেন, সন্ধ্যায় চার-পাঁচজন দুর্বৃত্ত বাড়ির গৃহপরিচারিকা জান্নাতুল ফেরদৌস লিমাকে (১৫) ধরে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ঘরের পেছনে নিয়ে হাত-পা বেঁধে মুখে টেপ লাগিয়ে দেয়। মেয়েটি জানিয়েছে, দুর্বৃত্তরা তার শরীরে ইনজেকশন পুশ করেছে। তিনি জানান, হাঁস-মুরগি ঘরে ঢোকাতে গিয়ে গৃহপরিচারিকা এ ঘটনার শিকার হয়। সন্ধ্যায় পুলিশের এক সদস্য ঘরের পেছন পরিদর্শন করতে গিয়ে মেয়েটিকে মাটিতে পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থল থেকে একটি সিরিঞ্জ উদ্ধার করা হয়েছে।
মেয়রের অভিযোগ, এর আগে ৮ আগস্ট রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁর ঘর লক্ষ্য করে ঢিল ছোড়ে। সে সময় ঘর থেকে বেরিয়ে এলে এক দুর্বৃত্ত গৃহপরিচারিকা জান্নাতুলকে উদ্দেশ করে বলে, তারা রাতে মেয়রকে হত্যা করতে আসবে। তখন সে (জান্নাতুল) যদি দরজা খুলে না দেয় তাহলে তাকেও হত্যা করা হবে।
গতকালের ঘটনায় গৃহপরিচারিকা জান্নাতুল অসুস্থ হয়ে পড়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসক গোলাম মোস্তফা বলেন, সন্ধ্যা ৭টা ১০মিনিটে জান্নাতুলকে আধা অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার মা ও অজ্ঞাতনামা এক ব্যক্তি। তিনি বলেন, মেয়েটির শরীরে ইনজেকশন পুশ করার দাগ বোঝা যাচ্ছে না।
পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ ঘটনাস্থল থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জান্নাতুলকে হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থায় একটি ঘরের পেছনে পড়ে থাকতে দেখে বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।