বস্তায় ঢোকাতে গেলে কৃষককে কামড়ে দেয় লজ্জাবতী বানরটি
চট্টগ্রামের রাউজানের একটি ধানখেতে ঘুরে বেড়াচ্ছিল লজ্জাবতী বানর। পরে ওই বানরকে বস্তায় ঢোকানোর চেষ্টা করেন কয়েক কৃষক। এ সময় বানরটি এক কৃষকের হাতে কামড় দেয়। একপর্যায়ে বানরটিকে খাঁচায় বন্দী করেন স্থানীয় লোকজন।
গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের আমতলি টিলা এলাকায় এ ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যায় হলদিয়া ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলামের পরামর্শে বানরটিকে স্থানীয় একটি চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়। তবে বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিভাগ জানিয়েছে, অনুমতি ছাড়া অতি সংকটাপন্ন এই প্রাণী চিড়িয়াখানায় আটকে রাখার সুযোগ নেই।
স্থানীয় কৃষক শাহাবুদ্দিন (৩৫) প্রথম আলোকে বলেন, ঈদের দিন সন্ধ্যায় তিনি ধানখেতের মধ্যে লজ্জাবতী বানরটি দেখতে পান। পরে তাঁরা কয়েক কৃষক গিয়ে ওই বানরকে বস্তায় ঢোকাতে গেলে বানরটি তাঁর হাতের আঙুল কামড়ে দেয়। পরে পেঁয়াজ রাখার খাঁচায় তাঁরা বানরটিকে বন্দী করেন। এর পর থেকে বানরটি কিছুই খাচ্ছিল না। পরে গতকাল সন্ধ্যায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের পরামর্শে এটি স্থানীয় একটি চিড়িয়াখানায় দেওয়া হয়েছে।
এদিকে বানর ধরা পড়ার খবরে গ্রামের লোকজন শাহাবুদ্দিনের বাড়িতে ভিড় জমান। বাদামি রঙের ঘন পশমযুক্ত বানরটির উচ্চতা দেড় ফুট, লম্বায়ও দেড় ফুট। চোখ দুটি গোল, দেখতে বিড়ালের মতো ঘোলাটে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান মনজুরুল কিবরিয়া প্রথম আলোকে বলেন, লজ্জাবতী বানর দেশের ১০টি অতিবিপন্ন প্রাণীর মধ্যে অন্যতম। এটি স্লো লরিস (স্থানীয় নাম লজ্জাবতী বানর) নামে পরিচিত। এই দুর্লভ প্রাণী আজকাল দেখা যায় না। বনে গাছগাছালি কমে যাওয়ায় এটি লোকালয়ে চলে আসতে পারে। এটি মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কেউ বাড়িতে কিংবা চিড়িয়াখানায় আটকে রাখতে পারবেন না।
জানতে চাইলে চট্টগ্রাম বিভাগীয় বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বীতা ভট্টচার্য্য প্রথম আলোকে বলেন, ধানখেত থেকে বানর উদ্ধারের ব্যাপারে তাঁরা কিছু জানেন না। তবে বানরটি উদ্ধারের জন্য দ্রুত খোঁজ নেওয়া হবে। বানর খাঁচা কিংবা চিড়িয়াখানায় আটকে রাখার সুযোগ নেই। বনে ছেড়ে দিতে হবে। আর এ প্রজাতির বানর অতি সংকটাপন্ন ও সংরক্ষিত। এগুলো আটকে রাখা দণ্ডনীয় শাস্তিযোগ্য অপরাধ। যাঁরা আটকে রেখেছেন, তাঁরা ভুল করছেন। এসব প্রাণী ধরা যাবে না।