১৪ দেশের মেধায় যে সেতু
বিশ্বের অন্যতম খরস্রোতা ও জটিল প্রকৃতির নদী পদ্মা। এর বুকে সেতু নির্মাণও তাই জটিল কাজ। এ জন্য পদ্মা সেতুর তদারক থেকে শুরু করে নির্মাণপ্রক্রিয়ায় দেশের এবং বিশ্বের সেরা মেধাগুলোকেই যুক্ত করার চেষ্টা করা হয়েছে। বড় অবকাঠামো নির্মাণে অভিজ্ঞ বহু দেশের নাগরিকেরাই এ প্রকল্পে কাজ করেছেন, করছেন। ভারী যন্ত্রপাতি বাংলাদেশে নেই। তাই সবগুলোই এসেছে বিদেশ থেকে। তবে রড, সিমেন্টসহ অনেক মালামাল দেশের তৈরি।
সেতু বিভাগ সূত্র জানায়, বর্তমানে পদ্মা সেতু প্রকল্পের নদীশাসন ও মূল সেতুর কাজে চার হাজারের বেশি কর্মী কাজ করছেন। এর বেশির ভাগই বাংলাদেশি। এর বাইরে চীনের কর্মী আছেন এক হাজারের মতো। এ ছাড়া জার্মানি, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের লোকজনও কাজ করছেন।
পরামর্শক দলে কাজ করছেন কমবেশি ১৪টি দেশের প্রকৌশলীরা। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর, ভারত, নেপাল, যুক্তরাজ্য, কানাডা, ইতালি ও নেদারল্যান্ডস। ঠিকাদারের প্রতিটি কাজের মান যাচাই করেন পরামর্শকেরা। তাঁদের সন্তুষ্টি ছাড়া কোনো কাজেরই সনদ মিলবে না, ঠিকাদার বিল পাবে না।
ঠিকাদার, পরামর্শক ও সেতু বিভাগের কর্মকর্তাদের বাইরে ১১ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি রয়েছে। কয়েক মাস পরপর বৈঠক করে কমিটি প্রকল্পের গুরুত্বপূর্ণ কারিগরি বিষয়ে পরামর্শ দেয়। প্রয়োজন হলে কাজের মূল্যায়ন করে। শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত এ কমিটির প্রধান ছিলেন প্রয়াত জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। তাঁর মৃত্যুর পর এ কমিটির প্রধান হয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক এম শামীম জে বসুনিয়া। এ কমিটিতে বাংলাদেশের ছয়জন এবং বিদেশের পাঁচজন বিশেষজ্ঞ আছেন। বিদেশিদের মধ্যে জাপান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও ইতালির সদস্য আছেন।
মালামাল ও যন্ত্রপাতি
প্রকল্পের কাজে ব্যবহৃত স্টিলের সব কাঠামো চীন থেকে এসেছে। রেলের গার্ডার (স্ট্রিনজার) এসেছে লুক্সেমবার্গ থেকে। প্রকল্পে যত রড ব্যবহৃত হয়েছে, এর সবই বাংলাদেশি। এ ছাড়া সিমেন্টও সব বাংলাদেশ থেকেই ব্যবহার করা হয়েছে। তবে অস্ট্রেলিয়া থেকে কিছু অতি মিহি সিমেন্টও ব্যবহৃত হয়েছে। সংযোগ সড়কসহ কিছু স্থাপনা নির্মাণে মধ্যপাড়া কঠিন শিলাখনি থেকে পাথর ব্যবহার করা হয়েছে। এর বাইরে বেশির ভাগ পাথর ব্যবহৃত হয়েছে ভারত, দুবাই, ওমান ও ভিয়েতনামের।
পৃথিবীতে যত বড় ড্রেজার ব্যবহৃত হচ্ছে, এর অন্তত তিনটি পদ্মা সেতুর কাজে ব্যবহৃত হয়েছে। এগুলো নেদারল্যান্ডস থেকে আনা হয়। পাইল বসানোর জন্য হাইড্রোলিক হাতুড়ি (হ্যামার) এসেছে জার্মানি থেকে। সবচেয়ে বড় হ্যামারটির ক্ষমতা তিন হাজার কিলোজুল। এর বাইরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে আনা যন্ত্রপাতিও ব্যবহৃত হয়েছে। আর বাকি সব যন্ত্রপাতি চীনের। বিভিন্ন সময় ১৭টি বড় বড় ক্রেন ও ভারী যন্ত্রপাতি একসঙ্গে কাজ করছে। এর মধ্যে সবচেয়ে বড় ভাসমান ক্রেনটি প্রায় চার হাজার টন ক্ষমতাসম্পন্ন। এটি দিয়েই ৩ হাজার ২০০ টন ওজনের ইস্পাতের স্প্যান বসানো হয়েছে।