পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার নির্বাচন ২৮ ডিসেম্বর। এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র আবদুল বারেক মোল্লা। এর আগে তিনি দীর্ঘ ১৪ বছর লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। আসন্ন নির্বাচন ও কুয়াকাটা পৌরসভার সমস্যা-সম্ভাবনা নিয়ে তিনি প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন। সাক্ষাৎকারটি নিয়েছেন প্রথম আলোর কলাপাড়া প্রতিনিধি নেছারউদ্দিন আহমেদ।
প্রশ্ন :
কুয়াকাটা পৌরসভার প্রথম নির্বাচনে আপনি প্রতিদ্বন্দ্বিতা করে মেয়র হয়েছেন। এবার দ্বিতীয় নির্বাচনেও প্রার্থী হয়েছেন। এবারের নির্বাচনেও আবার তাঁরাই প্রার্থী। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আপনার মন্তব্য কী?
আবদুল বারেক মোল্লা: আসলে তাঁরা যোগ্য দেখেই তো নির্বাচন করছেন। দলগুলো যোগ্য মনে করেই তাঁদের মনোনয়ন দিয়েছে। সবাইকেই আমি প্রতিদ্বন্দ্বী মনে করছি।
প্রশ্ন :
বিএনপি প্রার্থী বলেছেন, বিগত নির্বাচনে কেন্দ্র দখল, সন্ত্রাস করে আপনি মেয়র হিসেবে জয়ী হয়েছেন। এ ব্যাপারে আপনার মন্তব্য কী?
আবদুল বারেক মোল্লা: আওয়ামী লীগ সরকার কুয়াকাটাসহ এ এলাকায় অভূতপূর্ব উন্নয়ন করেছে। উন্নয়ন-অগ্রগতি দেখে মানুষ আমাকে তখন বিপুল ভোটে নির্বাচিত করেছে। বিএনপি প্রার্থীর এ কথা ঠিক নয়। তিনি নিজের পরাজয়কে ঢাকার কৌশল হিসেবে এসব কথা বলেছেন।
প্রশ্ন :
এবার প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট হবে। ভোটাররা কীভাবে দেখছে এবং আপনি এ নিয়ে কী মনে করছেন?
আবদুল বারেক মোল্লা: ইভিএম পদ্ধতিতে ভোট দিতে সবাই আগ্রহী বলে মনে হচ্ছে। কীভাবে ইভিএমে ভোট দিতে হয়, নির্বাচন কমিশন থেকে ভোটারদের তা দেখানো হচ্ছে। এতে ভোট দিতে কোনো সমস্যা হবে না। তা ছাড়া ইভিএমের কারণে ভোট গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই ফলাফল পাওয়া যাবে। এটা আমাদের জন্য কি ভালো নয়?
প্রশ্ন :
কুয়াকাটা পৌরসভা নিয়ে আপনার আগামীর পরিকল্পনা কী?
আবদুল বারেক মোল্লা: কুয়াকাটা পৌরসভার ৪৫টি সড়কের মধ্যে ৪২টির কাজ চলছে। তিনটি সড়কের কাজ বাকি রয়েছে। ছয়টি ব্রিজের মধ্যে দুটি হয়েছে। ৫০ কিলোমিটার ড্রেনের মধ্যে ১৪ কিলোমিটার পাকা ড্রেন করা হয়েছে। ৪৭ কোটি টাকা ব্যয়ে পানিনিষ্কাশনের প্রকল্পের কাজ চলমান। এ জন্য আরও ১০০ কোটি টাকা বরাদ্দ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ‘কোস্টাল টাউন’ নামে নতুন একটি প্রকল্পে কুয়াকাটা পৌরসভা অন্তভুক্ত হয়েছে বলে শুনেছি। এ প্রকল্পে ২০০ থেকে ৩০০ কোটি টাকা বরাদ্দ পাওয়া যাবে। এ অর্থ দিয়ে আমরা কুয়াকাটা পৌরসভার মধ্যে পাঁচটি খালকে দৃষ্টিনন্দনসহ এলাকার শোভাবর্ধন, কবরস্থান-শ্মশান, মার্কেট, খেলার মাঠ ও খাসপুকুরগুলোর সৌন্দর্যবর্ধন, বিদ্যুতায়নসহ নানামুখী উন্নয়নকাজ বাস্তবায়ন করতে পারব। এসব কাজ দ্রুত শেষ করার জন্য আমার চেষ্টা থাকবে।
প্রশ্ন :
ভোটাররা কেন আপনাকে ভোট দেবে?
আবদুল বারেক মোল্লা: বিগত পাঁচ বছরে কুয়াকাটায় কোনো মাদক-সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ছিল না। পর্যটননির্ভর ব্যবসায়ীরা কোনোভাবেই হয়রানির শিকার হয়নি। আমি ও আমার কর্মীরা কোথাও প্রভাব বিস্তার করিনি। আমি কর্মী-সমর্থকদের কোনো ধরনের সুবিধা দিইনি। এ কারণে কর্মী-সমর্থকেরাও আমার ওপর অসন্তুষ্ট। ফলে আমি মনে করি, পুনরায় ভোটাররা আমাকেই ভোট দেবে।
প্রশ্ন :
মাদক, সন্ত্রাস দমনে কী করবেন?
আবদুল বারেক মোল্লা: এটা হলফ করে বলতে পারি, কুয়াকাটায় বিগত সময়েও কোনো মাদক-সন্ত্রাস ছিল না। ভবিষ্যতেও থাকবে না।
প্রশ্ন :
কুয়াকাটা সৈকতসহ পার্শ্ববর্তী এলাকা নোংরা-অপরিষ্কার। ময়লা-আবর্জনায় ভরে থাকে। দুর্গন্ধে মানুষ অনেক সময় চলতে পারে না। এ সমস্যা সমাধানে আপনি কী পদক্ষেপ নেবেন?
আবদুল বারেক মোল্লা: আসলে ‘ডাম্পিং প্লেস’ না থাকায় এ সমস্যার সমাধান করা যাচ্ছে না। আমরা এ জন্য একটি জায়গা খুঁজছি। প্রয়োজনে জমি অধিগ্রহণ করা হবে। দ্বিতীয়বারেও মেয়র নির্বাচিত হলে এ কাজকে আমি অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করব।
প্রশ্ন :
বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশন ব্যবস্থার জন্য আপনার কোনো পরিকল্পনা আছে কী?
আবদুল বারেক মোল্লা: ৪৭ কোটি টাকা ব্যয়ে পানিনিষ্কাশনের প্রকল্পের কাজ চলমান। এ জন্য আরও ১০০ কোটি টাকা বরাদ্দ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী এক বছরের মধ্যে এ সমস্যার সমাধান হয়ে যাবে। আর স্যানিটেশন ব্যবস্থার জন্য আমরা কয়েকটি পাকা টয়লেট নির্মাণ করেছি। আরও কিছু পাকা টয়লেট নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।
প্রশ্ন :
পর্যটনবান্ধব পৌরসভা গড়ে তুলতে আপনার আর কী ভাবনা আছে?
আবদুল বারেক মোল্লা: আমরা দৃষ্টিনন্দন পার্ক, বিনোদন স্পষ্ট তৈরি করব। পর্যটকদের ভোগান্তি লাঘবে কী পদক্ষেপ নেওয়া যায়, তা ভাবছি। সে ক্ষেত্রে ট্যুরিজম বোর্ডসহ অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে।
প্রশ্ন :
কুয়াকাটা সৈকতসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে–ছিটিয়ে তোলা হয়েছে বহু অবৈধ স্থাপনা। যার কারণে কুয়াকাটার সৌন্দর্য বিনষ্ট হচ্ছে। এসব অবৈধ স্থাপনা অপসারণ করতে পারবেন কী?
আবদুল বারেক মোল্লা: অবৈধ দখলদারেরা যথেষ্ট প্রভাবশালী। তাঁরা উচ্চ আদালতের আদেশ নিয়ে বসে আছেন। তাই স্থানীয় প্রশাসন এসব স্থাপনা অপসারণ করতে পারছে না। তবে পৌরসভার পক্ষ থেকে আমরাও বিভিন্ন সময় উপজেলা, জেলা প্রশাসনকে এসব স্থাপনা সরিয়ে নিতে সহায়তা করে থাকি।
প্রশ্ন :
এবারের নির্বাচনে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী?
আবদুল বারেক মোল্লা: তৃতীয় শ্রেণির একটি পৌরসভা হলেও আমি বহু কাজ করেছি, যা এ পর্যায়ের (প্রথম শ্রেণি) অনেক পৌরসভা করতে পারেনি। বলতে গেলে কুয়াকাটা গ্রাম থেকে এখন শহরের রূপ নিয়েছে। কাঁচা রাস্তা এখন পাকা হয়েছে। অন্ধকারে আলো জ্বলছে। কুয়াকাটার বহুমুখী উন্নয়ন আমিই করেছি। তাই ভোটারেরা এসব বিবেচনা করে আমাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবে।
প্রথম আলো: সাক্ষাৎকারের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আবদুল বারেক মোল্লা: প্রথম আলোকেও ধন্যবাদ।