বাঁধ ছাপিয়ে লোকালয়ে জোয়ারের পানি, কয়েক হাজার মানুষ পানিবন্দী

ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে প্রবল বেগে লোকালয়ে পানি ঢুকছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছিড় ইউনিয়নের ঘোড়ামরা এলাকায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বেড়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে ও বাঁধ উপচে লোকালয়ে প্রবল বেগে পানি ঢুকছে। জোয়ারের পানিতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি, ঘোড়ামরা, সৈয়দপুর ইউনিয়নের উত্তর বগাচতর গ্রাম ও কুমিরা ইউনিয়নের একটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে এসব গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সীতাকুণ্ড কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, পূর্ণিমার জোয়ারে পানির উচ্চতা অনেক বাড়ে। তার ওপর ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে পানির পরিমাণ স্বাভাবিকের চেয়ে অন্তত পাঁচ ফুট বেড়েছে। উপকূলের সাড়ে সাত মিটার উচু বেড়িবাঁধের ওপর দিয়ে ঢেউয়ের পানি ভেতরের দিকে পড়েছে। রাতের জোয়ারে পানির উচ্চতা আরও বাড়তে পারে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা এলাকায় উপকূলে ১০০ মিটারের মতো বেড়িবাঁধ ভেঙে সেই অংশ দিয়ে প্রবল বেগে পানি ঢুকছে। জোয়ার বাড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকা প্লাবিত হয়ে যায়। এ সময় স্থানীয় লোকজনকে ডুবে যাওয়া রাস্তা দিয়ে বাড়িঘরে ঢুকতে দেখা গেছে।

ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে প্রবল বেগে লোকালয়ে পানি ঢুকছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছিড় ইউনিয়নের ঘোড়ামরা এলাকায়
ছবি: প্রথম আলো

স্থানীয় বাসিন্দা বংশী জলদাস বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব তো শেষ হয়ে যাবে। কিন্তু তাঁদের দুঃখ শেষ হবে না। মাত্র ১০০ ফুট বাঁধের জন্য তাঁদের পুরো বর্ষায় কষ্ট করতে হবে। বেড়িবাঁধের এই ছোট অংশ বর্ষার আগে সরকারের মেরামত করে দেওয়া উচিত।

বেড়িবাঁধ উপছে পানি ভেতরে ঢোকার খবরে উপকূলে ছুটে যান বাঁশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর। তিনি প্রথম আলোকে বলেন, বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকায় স্লুইসগেট মেরামতের কাজ চলছে। জোয়ারের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, তা দেখতে সেখানে যান তিনি।

ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে প্রবল বেগে লোকালয়ে পানি ঢুকছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছিড় ইউনিয়নের ঘোড়ামরা এলাকায়
ছবি: প্রথম আলো

পাউবোর সীতাকুণ্ডের উপবিভাগীয় প্রকৌশলী আনিছ হায়দার খান বলেন, বদরখালী এলাকার স্লুইসগেট না থাকায় সেখানে পানি ঢুকেছে। স্লুইস গেটটি জরুরি ভিত্তিতে নির্মাণের চেষ্টা করছেন তাঁরা। এ ছাড়া ঘোড়ামরা এলাকার বেড়িবাঁধ সংস্কারের বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবেন।

লোকালয়ে পানি ঢুকে ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় বলেন, এ ব্যাপারে তাঁর কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। তিনি আরও বলেন, সীতাকুণ্ড-সন্দ্বীপের নৌপথে নৌযান চলাচল বন্ধ রয়েছে। উপকূলের দিকে নজর রাখছেন তিনি।