বরগুনায় নদীভাঙন
বাঁধের ৩৩ কিমি ঝুঁকিতে, দুই কিমি নদীতে বিলীন
জেলার বিষখালী ও পায়রা নদী এবং বলেশ্বর নদের ভাঙন অব্যাহত রয়েছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ৩৩ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বরগুনায় বিষখালী ও পায়রা নদী এবং বলেশ্বর নদের অব্যাহত ভাঙনে পাথরঘাটা উপজেলার পদ্মা, বামনা উপজেলার রামনা এবং আমতলীর পশুরবুনিয়া ও তালতলীর জায়ালভাঙ্গা এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের দুই কিলোমিটার বিলীন হয়ে গেছে। নদীভাঙন অব্যাহত থাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৩৩ কিলোমিটার এলাকা ঝুঁকিতে আছে। বাঁধের এই অংশ বিলীন হলে কয়েক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরগুনা কার্যালয় সূত্র জানায়, বরগুনা জেলার ২২টি পোল্ডারে অধীনে ৮০৫ কিলোমিটার বাঁধ রয়েছে। এর মধ্যে ঘূর্ণিঝড় ইয়াস, বিভিন্ন সময়ে প্রবল বৃষ্টি ও উচ্চ জোয়ারের প্রভাবে পাথরঘাটা উপজেলার পদ্মা এলাকার ১ কিলোমিটার, বামনার রামনা এবং আমতলীর পশুরবুনিয়া ও তালতলীর জায়ালভাঙ্গায় ১ কিলোমিটার বিলীন হয়ে গেছে।
সরেজমিন দেখা গেছে, বামনা উপজেলার রামনা এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আধা কিলোমিটার ভেঙে বিষখালী নদীতে বিলীন হয়ে গেছে। বাঁধের অবশিষ্ট অংশ রক্ষার জন্য পাউবো ভাঙনকবলিত স্থানে বালুর বস্তা ফেলছে। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। তালতলী উপজেলার জয়ালভাঙ্গা এলাকার বাঁধের এক-তৃতীয়াংশ ভেঙে পায়রা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে।
জানতে চাইলে পাউবো বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. কাইছার আলম বলেন, বরগুনায় ৩৩ কিলোমিটার বাঁধ ঝুঁকিতে আছে। এসব ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারের জন্য ১৩ কোটি টাকা বরাদ্দ চেয়ে পাউবোর প্রধান কার্যালয়ে প্রকল্প পাঠানো হলে ১ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। যেসব জায়গায় বাঁধ ভেঙে বিলীন হয়ে যাচ্ছে, সেসব স্থানে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণ করা হবে।