বাঁশখালী পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুলের ভোট বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোট বর্জনের ঘোষণা দিচ্ছেন বাঁশখালীর স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী। আজ বেলা সাড়ে ১১টায় পৌরসভা কার্যালয়ের সামনে
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচন বর্জন করলেন স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনী। আজ রোববার বেলা সাড়ে ১১টার সময় পৌরসভা কার্যালয়ের মাঠে ভোট বর্জনের ঘোষণা দেন।

কামরুল ইসলাম হোসাইনী অভিযোগ করেন, সব কটি গোপন কক্ষে নৌকার লোকজন নৌকা মার্কায় জোর করে সুইচ টিপে ভোট নিচ্ছে। ভোটাররা কাউন্সিলর পদে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারলেও মেয়র পদে জোর করে ভোট নেওয়া হচ্ছে। এমনকি এজেন্ট বের করে দেওয়া হয় বিভিন্ন কেন্দ্র থেকে।

কামরুল ইসলাম হোসাইনী আরও বলেন, কোনো কেন্দ্রে ভোটের সুষ্ঠু পরিবেশ নেই। নারী ও পুরুষের লম্বা লাইন থাকলেও ভোট দিতে দেওয়া হচ্ছে না। এটি ভোট নয়, ভোট ডাকাতির মহোৎসব চলছে।

তবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এস এম তোফায়েল বিন হোছাইন বলেন, অনেক সুন্দর ভোট হচ্ছে। পরাজয় নিশ্চিত জেনে সরে পড়লেন স্বতন্ত্র প্রার্থী।

বাঁশখালী পৌর নির্বাচনে এস এম তোফায়েল বিন হোছাইন ও কামরুল ইসলাম হোসাইনী মেয়র পদে লড়ছেন। এ ছাড়া এবার সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২৬ হাজার ৯৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৯৪ ও নারী ভোটার ১২ হাজার ৮৮৬ জন।