বাঁশখালীতে জমির সীমানা নিয়ে বিরোধে চাচা-ভাতিজা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে জমির সীমানা বিরোধ নিয়ে দুই পক্ষের মারামারিতে দুজন খুন ও তিনজন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ জলদী মনছুরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন দক্ষিণ জলদী মনছুরিয়া বাজার এলাকার মৃত আবুল কাশেমের ছেলে আবদুল খালেক (৩০) ও মোহাম্মদ কামালের ছেলে সুলতান মাহমুদ ওরফে টিপু (২৪)। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ জলদী মনছুরিয়া বাজার এলাকায় জমির সীমানা বিরোধ নিয়ে মনজুর আলম ও বাহাদুর আলমের সঙ্গে মো. কামাল ও আবদুল খালেকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষের পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান সুলতান মাহমুদ।

হাসপাতালে ভর্তি আছেন মো. বাহাদুর (২৭), মো. মনজুর (৪৫) ও মো. কামাল (৪৫)। সবার বাড়ি দক্ষিণ জলদী এলাকায়। হতাহত ব্যক্তিরা সবাই চাচাতো ভাই।
চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, হাসপাতালে আনার পর পৌনে ছয়টায় মারা যান সুলতান মাহমুদ। আহত তিনজন চিকিৎসা নিচ্ছেন।

সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ুন কবির বলেন, জমির সীমানা নিয়ে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।