বাঁশখালীতে পৌর মেয়রকে হেনস্তা, গ্রেপ্তার ২
চট্টগ্রামের বাঁশখালীর মেয়র শেখ সেলিমুল হক চৌধুরীকে হেনস্তা ও শারীরিক নির্যাতনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। রোববার সকালে কক্সবাজারের রামু থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন মো. সিরাজ (৩৫) ও মিনারুল ইসলাম (৩৫)। এই দুজনের বাড়ি বাঁশখালী উপজেলার উত্তর জলদি এলাকায়।
র্যাব সূত্রে জানা যায়, ১৮ জানুয়ারি বাঁশখালী পৌরসভার নির্বাচনের দুই দিন পর উত্তর জলদি এলাকার একটি বাসায় মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরীকে হেনস্তা ও শারীরিক নির্যাতন করেন কয়েকজন। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় পরদিন চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন সেলিমুল হক। পরে রোববার সকাল আটটার দিকে রামু থেকে সিরাজ ও মিনারুলকে গ্রেপ্তার করা হয়।
জানতে চাইলে র্যাবের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গ্রেপ্তার দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, ১৬ জানুয়ারি বাঁশখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এস এম তোফায়েল বিন হোছাইন মেয়র নির্বাচিত হন। তবে এখনো তাঁর শপথ হয়নি।