বাঁশখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্দুকযুদ্ধ
প্রতীকী ছবি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব বলছে, নিহত ওই ব্যক্তি ডাকাত দলের সদস্য। তাঁর বিরুদ্ধে পাহাড়তলী ও বাঁশখালী থানায় নয়টি মামলা আছে।

নিহত ব্যক্তির নাম মো. আলমগীর ওরফে আলম (৪৫)। তিনি গন্ডামারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত আলী আহমদের ছেলে।

র‌্যাব-৭–এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নুরুল আবছার জানান, গতকাল রাতে গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকায় অভিযানে যায় র‌্যাব। এ সময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে ডাকাতেরা গুলি করা শুরু করে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ডাকাত আলমগীর নিহত হন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় নয়টি মামলা আছে।

র‌্যাব সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে ২টি ওয়ান শুটারগান, ১টি থ্রি কোয়ার্টার গান, ১টি এলজি, ১১ রাউন্ড তাজা গুলি, ২টি খালি গুলি, ২টি রামদা ও ১টি চাকু উদ্ধার করা হয়েছে।

আনোয়ারা সার্কেলের এএসপি হুমায়ুন কবির জানান, আলমগীরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে বাঁশখালী থানাতেই বিভিন্ন অপরাধের পাঁচটি মামলা আছে।