বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার চাম্বল প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন ছৈয়দুল ইসলাম (৩৮)। তিনি হাটহাজারী উপজেলার মির্জাপুর ৩ নম্বর ওয়ার্ডের হাজি নুরুজ্জামান চৌধুরীর বাড়ির তাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আবদুল মাবুদ (৩৭) নামের আরও একজন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে ছৈয়দুল ইসলাম ও তাঁর সহযাত্রী আবদুল মাবুদ কুতুবদিয়ায় যাওয়ার জন্য বের হন। তাঁদের মোটরসাইকেল চাম্বল বড় মাদ্রাসা এলাকায় পৌঁছালে দক্ষিণ দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটলে ছৈয়দুল ইসলামসহ দুজন আহত হন।
তাঁদের বাঁশখালীর বেসরকারি হাসপাতাল স্কয়ার ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে পাঠানো হলে চমেক হাসপাতালের জরুরি বিভাগে মারা যান ছৈয়দুল ইসলাম।
চমেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ পরিদর্শক (এসআই) নুরুল আলম বলেন, চমেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসারত অবস্থায় দুপুর ১২টার দিকে মৃত্যু হয়।