বাঁশবাগানে পড়ে ছিল গলাকাটা লাশ
সাতক্ষীরায় একটি বাঁশবাগানে পড়ে ছিল দিনমজুরের গলাকাটা লাশ। শনিবার রাতে সাতক্ষীরা শহরের দহকুলা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
মারা যাওয়া ওই ব্যক্তির নাম মো. আবদুল আজিজ (৫৬)। তিনি সাতক্ষীরা শহরের দহকুলা এলাকার বাসিন্দা। এ ঘটনায় আটক তিনজন হলেন আজিজের স্ত্রী রোকেয়া খাতুন, ভাতিজা নজরুল ইসলাম ও একই এলাকার জেহের আলী।
দহকুলা গ্রামের দিনমজুর শফিকুল ইসলাম ও ভ্যানচালক হাফিজুল ইসলাম বলেন, মো. আবদুল আজিজ সাধারণত সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকেন না। শনিবার রাত ৯টা পর্যন্ত বাড়ি না ফেরায় তাঁকে খোঁজাখুঁজি শুরু হয়। পরে রাত ১১টার দিকে বাড়ির পাশে বাঁশবাগানে তাঁর লাশ পাওয়া যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মুঠোফোনের কললিস্ট যাচাই করে ওই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।