বাঁশবাগানে পড়ে ছিল স্কুলছাত্রীর মরদেহ
মাগুরার শ্রীপুর উপজেলায় একটি বাঁশবাগান থেকে এক স্কুলছাত্রীর (১১) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে মেয়েটি নিখোঁজ ছিল। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার হাট শ্রীকোল এলাকার উত্তর পাড়ায় কুমার নদের পাশের বাঁশবাগানে তাঁর লাশ পাওয়া যায়।
নিহত ছাত্রীর নাম রোজিনা আক্তার (১১)। সে হাট শ্রীকোল গ্রামের উত্তর পাড়ার মিক্কিস শেখ ও ছমিরন বেগমের মেয়ে। মিক্কিস শেখ ঢাকায় সবজি বিক্রি করেন। মেয়েটি শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ত।
নিহতের মা ছমিরন বেগম জানান, গতকাল বেলা তিনটা থেকে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাঁরা আশপাশে সম্ভাব্য সব জায়গায় খুঁজেছেন। কিন্তু পাওয়া যায়নি। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আজ বেলা ১১টার দিকে শুনি ওই বাঁশবাগানে আমার মনির লাশ পড়ে আছে। আমরা ছুটে গিয়ে দেখি, হাত-পা গোটানো ছিল। আমার মেয়েকে কারা যেন মেরে ফেলছে।’
জেলা পুলিশের পাশাপাশি সিআইডি ও পিবিআইয়ের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মেয়েটির গলায় কাটা দাগ আছে।
নিহতের বড় ভাই রাজু শেখ বলেন, ‘বোনকে গতকাল বেলা আড়াইটায় বাড়ির পাশে দেখেছি। এরপর রসুনের জমিতে যেতে শুনেছি, মা তাকে পাঠিয়েছিল। এরপর আর তাকে পাওয়া যায়নি। তাকে কেউ ধরে নিয়ে যেতে পারে বলে আমার ধারণা। এভাবে তাকে পাওয়া যাবে, আমরা স্বপ্নেও ভাবিনি।’
দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন, পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল বিকেল থেকে মেয়েটি নিখোঁজ ছিল। জেলা পুলিশের পাশাপাশি সিআইডি ও পিবিআইয়ের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মেয়েটির গলায় কাটা দাগ আছে। আশা করছেন শিগগিরই এ হত্যারহস্য উন্মোচন করা যাবে।