বাংলাদেশ গণতন্ত্রহীন রাষ্ট্রে পরিণত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন। আজ নগরের দরগাগেট এলাকার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে
ছবি: প্রথম আলো

বাংলাদেশ এখন গণতন্ত্রহীন রাষ্ট্রে পরিণত হয়েছে। সরকার সর্বত্র ভয়ের পরিবেশ তৈরি করে রাখতে চাচ্ছে। কিন্তু সাধারণ মানুষ এসবের তোয়াক্কা করেন না। দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। আজ রোববার বিকেল পাঁচটায় নগরের দরগাগেট এলাকার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে এ সভার আয়োজন করা হয়।

জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদীর, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন ওরফে মিলন এবং জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী ওরফে শামীম।

সভায় এ জেড এম জাহিদ হোসেন বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তাঁকে মুছে ফেলার ষড়যন্ত্র করে লাভ নেই। জিয়াউর রহমানের সুযোগ্য নেতৃত্ব ও সুশাসনকে ইতিহাসের সোনালি অধ্যায় হিসেবে জাতি স্মরণ করে।

৩০ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে তিনি নিহত হন।