বাংলাদেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে: ব্রিটিশ হাইকমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি সেবামূলক চিকিৎসাকেন্দ্র পরিদর্শন করেন ব্রিটিশ হাইকমিশনার
ছবি: প্রথম আলো

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, বাংলাদেশ একটি সুন্দর দেশ। দেশটি ধীরে ধীরে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এখানকার মানুষ বন্ধুসুলভ। যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশি নাগরিকদের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

আজ বৃহস্পতিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া বাজারে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিকদের আমন্ত্রণে একটি সেবামূলক চিকিৎসাকেন্দ্র পরিদর্শন শেষে ব্রিটিশ হাইকমিশনার এ কথা বলেন। ‘আবদুর রব ও আজিজুন মেডিকেল সেন্টার’ নামের ওই চিকিৎসাকেন্দ্র যুক্তরাজ্যের নাগরিকেরা প্রতিষ্ঠা করেন এবং গ্রাম জেপি নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এটি পরিচালনা করে। পরিদর্শনকালে ব্রিটিশ হাইকমিশনার রোগীদের সঙ্গে কথা বলেন। তাঁদের খোঁজখবর দেন। পরে এক আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

চিকিৎসাকেন্দ্র পরিদর্শনকালে ব্রিটিশ হাইকমিশনার রোগীদের সঙ্গে কথা বলেন। তাঁদের খোঁজখবর দেন।

সভায় হাইকমিশনার বলেন, সিলেটি মানুষের আপ্যায়নে তিনি অভিভূত। তাঁদের আচার–আচরণে তিনি মুগ্ধ। গ্রাম জেপির সঙ্গে সম্পৃক্ত যাঁরা রয়েছেন, তাঁরা খুবই দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্বাস করেন তাঁরা কাজে আরও এগিয়ে যাবে।

আবদুর রব ও আজিজুন মেডিকেল সেন্টারের পরিচালক চিকিৎসক আবদুল ওয়াদুদ কামালীর সভাপতিত্বে অন্যদের মধ্যে সভায় বক্তব্য দেন যুক্তরাজ্য সরকারের কর্মকর্তা টম ব্রাগ, যুক্তরাজ্যপ্রবাসী সৈয়দ আবদুল কাসেম, এলাকার বাসিন্দা জামাল মিয়া কামালী, রুহানি কামালী প্রমুখ।