বাংলাদেশ-মার্কিন নৌবাহিনীর যৌথ মহড়া সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও মার্কিন নৌবাহিনীর পাঁচ দিনব্যাপী যৌথ মহড়া গতকাল শনিবার চট্টগ্রামে শেষ হয়েছে। নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটির স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিস (এসএমডব্লিউটি) মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনী ফ্লিটের কমান্ডার কমোডর এস এ মাহমুদ ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্স এটাচি লে. কর্নেল পি কায়নাজ এ ভাখারিয়া। এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডারগণ এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নৌবাহিনী এক বিজ্ঞপ্তিতে জানায়, ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত নৌ প্রশিক্ষণ মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা বিশেষত নৌ কমান্ডোদের পেশাগত দক্ষতা ও পারদর্শিতা বৃদ্ধি পাবে। এ মহড়ার মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার বিদ্যমান সুসম্পর্কও আরও জোরদার হবে।

পাঁচ দিনের এ মহড়ায় নৌ প্রশিক্ষণের নানা বিষয়ের ওপর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ মহড়া কমান্ডার বি এন ফ্লিটের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় বলে নৌবাহিনী জানায়।

গত মঙ্গলবার চট্টগ্রাম নৌ অঞ্চলে ‘এক্সারসাইজ কো-অপারেশন অ্যাফ্লট রেডিনেস অ্যান্ড ট্রেনিং (কারাত)-২০১৬’ শীর্ষক এ মহড়া শুরু হয়।