বাংলাদেশকে মর্যাদার আসনে বসিয়েছেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী আনিসুল হক
ফাইল ছবি

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ সারা বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রোববার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সংস্কারকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে শেখ হাসিনার বিকল্প নেই উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পরেই জননেত্রী শেখ হাসিনাই বাংলাদেশের উন্নয়নের রূপকার। তিনি বাংলাদেশকে সারা বিশ্বে উন্নয়নের একটি রোল মডেল হিসেবে মর্যাদার আসনে বসিয়েছেন।

১৯৭১ সালের এই দিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলায় বাংলাদেশের প্রথম সরকার শপথ নিয়েছিল। স্বাধীন বাংলাদেশে দিনটিকে প্রতিবছর মুজিবনগর দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বিষয়টি মনে করিয়ে দিয়ে আনিসুল হক বলেন, ‘আপনারা বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন। পাশাপাশি ৩০ লাখ শহীদের জন্যও দোয়া করবেন।’

সদ্য গঠিত আখাউড়া উপজেলা আওয়ামী লীগের কমিটি প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি দেওয়ার পর দল গতিশীল হয়েছে। নতুন কমিটি দলকে আরও জোরদার ও শক্তিশালী করবে। দলের সাংগঠনিক কাজে নতুন কমিটিকে সঠিকভাবে সহায়তা করতে হবে। ইউনিয়নে নতুন কমিটি গঠন করে আগামী নির্বাচনের দায়িত্ব প্রস্তুত করতে হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সহসভাপতি সেলিম ভূঁইয়া, মনির হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান, আবদুল মমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ, সাধারণ সম্পাদক সাখায়্যাত হোসেন প্রমুখ।