বাংলাদেশকে সহায়তা অব্যাহত থাকবে: গুতেরেস

বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে গিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শান্তি ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। আজ রোববার দুপুরে জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান। জাদুঘরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই পরিদর্শনের কথা জানানো হয়।
গতকাল শনিবার দিবাগত রাত দুইটায় বাংলাদেশে আসেন জাতিসংঘের মহাসচিব। গতকালই বাংলাদেশে আসেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম ঢাকায় আসেন। আজ দুজন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। তাঁরা ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় প্রদানে বাংলাদেশের মহানুভবতার প্রশংসা করেন। রোহিঙ্গা সংকটের বিষয়ে বিশ্বসম্প্রদায় বাংলাদেশের পাশে রয়েছে বলে জানান।

জাতিসংঘের মহাসচিব ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনের জন্য বাংলাদেশে এসেছেন।
আজ বেলা সোয়া দুইটায় জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান। এ সময় জাদুঘরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের স্বাগত জানান। দুজন জাদুঘর ঘুরে দেখেন। পরে জাতিসংঘ মহাসচিব পরিদর্শন খাতায় তাঁর মন্তব্য লেখেন। অ্যান্তোনিও গুতেরেস লেখেন, ‘জাতির জনকের স্মৃতি জাদুঘরে এই পরিদর্শনে এসে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের তাৎপর্যপূর্ণ নানা দিকের সন্ধান দেয় এই জাদুঘর। এ জাদুঘরে জড়িয়ে আছে বঙ্গবন্ধুর নানা অর্জন, মানুষের প্রতি তাঁর ভালোবাসা এবং জীবনের শেষ দিনগুলোর স্মৃতি। শান্তি ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে জাতিসংঘ বাংলাদেশকে তার সহযোগিতা অব্যাহত রাখবে।’
বেলা পৌনে তিনটার দিকে জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর থেকে বিদায় নেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।