বাংলাদেশ–ভারতের সম্পর্ক আগের চেয়ে উন্নত হয়েছে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুরমাঘাট-কমলপুরে সীমান্ত হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন ত্রিপুরার মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। কমলগঞ্জের কুরমাঘাট-কমলপুর সীমান্ত থেকে।
ছবি: প্রথম আলো

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের আমলে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আগের চেয়ে অনেক উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আজ বৃহস্পতিবার দুপুর একটায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমাঘাট–কমলপুরের শূন্যরেখায় সীমান্ত হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিপ্লব কুমার বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মাতৃতুল্য। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক খুবই আন্তরিক। বর্তমান মোদি সরকারের আমলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আগের চেয়ে অনেক উন্নত হয়েছে।’

আজ বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের সোনারায় সীমান্ত এলাকার ১৯০৩/৩৩ এস পিলারের কাছে দুই একর জমিতে এ হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ এবং ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী মনোজ কুমার দেব উপস্থিত ছিলেন।

সীমান্ত হাট চালুর কারণে আজ সকাল থেকে এ এলাকা উৎসবমুখর ছিল। শূন্যরেখায় প্রবেশাধিকার প্রথমে সংরিক্ষত থাকলেও মানুষের বাঁধভাঙা উপস্থিতির কারণে নিয়ন্ত্রণ অনেকটা শিথিল হয়ে যায়। তবে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আগে থেকে অনুমোদিত দুই দেশের প্রতিনিধিদলের সদস্য ও বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি ছাড়া কাউকে ত্রিপুরার কমলপুরের টাউন হলের মূল অনুষ্ঠানে যেতে দেওয়া হয়নি।

ভিত্তিপ্রস্তর স্থাপনের পরে বাংলাদেশি সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে মোট আটটি সীমান্ত হাট স্থাপন করা হবে। এ পর্যন্ত তিনটি স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি পাঁচটি হাট স্থাপন করা হবে। কুরমাঘাট-কমলপুর সীমান্ত হাটের জন্য ৫ কোটি ৩০ লাখ রুপি ব্যয় হবে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধ ও দুই দেশের সীমান্ত এলাকার মানুষের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে সীমান্ত হাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ হাটে দুই দেশের মানুষ তাদের চাহিদামতো প্রয়োজনীয় সামগ্রী ক্রয়-বিক্রয় করতে পারবেন।

অনুষ্ঠানে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রুমানা ইয়াসমিন, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহীদুল ইসলাম মুন্সীসহ বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।