বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামের সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত শফিকুল ইসলামের (২৫) লাশ ফেরত দিয়েছে বিএসএফ।

আজ রোববার রাত আটটার দিকে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বনচৌকি সীমান্তের ৯০৮ মেইন পিলারের কাছে ভারতের কোচবিহার জেলার শীতলকুচি থানার উপপরিদর্শক (এসআই) সৌমিত্র সরকার লাশটি হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) নূর আলমের কাছে হস্তান্তর করেন। এ সময় কোচবিহার ১০০ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার অবিনাশ রঞ্জন ও বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নিহত শফিকুল ইসলাম হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল গ্রামে জয়নাল আবেদিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার বিকেলে ওই সীমান্তে বিএসএফ ও বিজিবির মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকে অনুষ্ঠিত হয়। বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ বলেন, বৈঠকে বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যার জোরালো প্রতিবাদ জানানো হয়। জবাবে বিএসএফ কমান্ডার দাবি করেন, ঘটনার সময় কুয়াশাচ্ছন্ন ছিল। অবৈধ পথে গরু আনতে যাওয়া বাংলাদেশের ৫০-৬০ জন বিএসএফ সদস্যদের ওপর রামদাসহ দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ চালালে আত্মরক্ষার্থে বিএসএফ সদস্যরা গুলি চালান।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতে আমঝোল সীমান্তের ৯০৫ নম্বর মেইন পিলারের ২ নম্বর উপপিলারের কাছ দিয়ে একটি বাংলাদেশি গরু পারাপারকারীর (রাখাল) দলের কয়েকজন সদস্য ভারতের কোচবিহার সীমান্তের পাগলামারী গ্রামে ভারতীয় গরু ব্যবসায়ীর কাছ থেকে গরু আনতে যান। তাঁরা গরু নিয়ে ভোরে আবারও ওই সীমান্ত দিয়ে ফেরত আসছিলেন। এ সময় ভারতের কোচবিহারের ১০০ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাঁদের ধাওয়া করেন এবং কয়েকটি গুলি ছোড়েন। এ সময় রাখাল দলের অন্য সদস্যরা পালিয়ে এলেও বিএসএফের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শফিকুল নিহত হন। পরে বিএসএফ লাশটি ক্যাম্পে নিয়ে যায়।

হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম জানান, শফিকুলের লাশ তাঁর বড় ভাই মোমিনুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।