বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে যাত্রীদের চাপ কিছুটা কমেছে
মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে যাত্রীদের চাপ কমতে শুরু করেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে এই নৌপথে চলাচলকারী ১৮টি ফেরিতে যাত্রী ও যানবাহনের চাপ দেখা গেলেও তা গতকালের তুলনায় কম।
ঘাট কর্তৃপক্ষ বলছে, ঈদের আগে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে আসা যাত্রীরা ঈদ শেষ করে ফের রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় ফিরে গেছে। এখন যারা ঢাকামুখী হচ্ছে, তারা বেশির ভাগই ঈদের পরে ঢাকা থেকে আসা ঘরমুখী যাত্রী।
বিআইডব্লিউটিসি ঘাট সূত্র জানায়, আজ সকাল থেকে ঢাকামুখী যাত্রীদের ভিড় থাকলেও তা তুলনামূলক অন্য দিনের তুলনায় কম। এরপরেও যাত্রীদের দুর্ভোগ এড়াতে যানবাহনের তুলনায় যাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। ঘাটে উপজেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগের একটি টিম, আনসার, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।
নৌপথের চলাচলরত ১৮টি ফেরি চালু রয়েছে। তবে এখনো বন্ধ রয়েছে লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলাচল। এ কারণে গতকাল বুধবার পর্যন্ত এই নৌপথে চলাচলকারী প্রতিটি ফেরিতে ছিল উপচে পড়া ভিড়। পদ্মা পারাপারের জন্য যাত্রীদের ঘাটে এসে ফেরির জন্য অপেক্ষাও করতে হয়েছে দীর্ঘ সময়।
বিআইডব্লিউটিসি বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন আহমেদ আজ দুপুর ১২টায় প্রথম আলোকে বলেন, যাত্রীদের চাপ এখনো ফেরিতে আছে। তবে গত দিনগুলোর তুলনায় আজ কিছুটা কম। এখন যারা পারাপার হচ্ছে, তারা ঈদের দিন ও ঈদের পরে ঢাকা থেকে গ্রামে এসেছে ঈদ করতে। তারাই মূলত এখন ঢাকায় ফিরছে। যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সব কটি ফেরি চালু রাখা হয়েছে। ফলে, যাত্রীরা ঘাটে আসামাত্রই ফেরিতে উঠতে পারবে। কোনো ধরনের ভোগান্তি ও দুর্ভোগের শিকার হবে না।
খুলনা থেকে আসা ঢাকামুখী যাত্রী মজিবর খান বলেন, ‘ভিড় এড়াতে ঈদের এক দিন পর ঢাকা থেকে খুলনা আসি। তখন আসতে কোনো অসুবিধা হয়নি। গ্রামে কটা দিন কাটিয়ে এখন আবার ঢাকায় ফিরে যাচ্ছি। ফেরিতে ভালোই ভিড়। তবে বেশিক্ষণ ঘাটে দাঁড়িয়ে থাকতে হয়নি। আধা ঘণ্টার মধ্যে আমরা ফেরিতে উঠতে পারি। রাস্তাঘাটে দূরপাল্লার বাস চললে আর কোনো দুর্ভোগই হতো না।’
মাদারীপুর থেকে ঢাকাগামী নাইমুল ইসলাম বলেন, ‘ঈদের আগে যখন ফেরি সীমিত চলে, তখন আমি দেশে আসছি। শিমুলিয়া ঘাটে তখন সাত ঘণ্টা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছিলাম। তখন যে কষ্ট হয়েছে, তার এক ভাগও কষ্ট যাওয়ার সময় হয়নি।’
বাংলাবাজার ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. আশিকুর রহমান বলেন, সকালের দিকে ঘাটে ভিড় ভালো ছিল। দুপুর ১২টার পরে যাত্রী আছে, তবে তেমন চাপ নেই। যাত্রী ও যানবাহন ঘাটে আসামাত্রই ফেরিতে উঠতে পারছে। কোনো অপেক্ষা করতে হচ্ছে না।