বাংলাবাজার-শিমুলিয়ায় চলছে ৫ ফেরি, পারাপারে লাগছে দ্বিগুণ সময়
মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে বর্তমানে ৫টি ছোট ফেরি চলাচল করছে। পদ্মায় তীব্র স্রোত থাকায় ফেরিগুলো পারাপারে দ্বিগুণের বেশি সময় ব্যয় হচ্ছে। এ কারণে ঘাটে এসে পারাপারের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে যাত্রী ও যানবাহনের চালকদের।
এদিকে পদ্মায় সব ধরনের দুর্ঘটনা এড়াতে গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৬টা থেকে আজ সোমবার ভোর ৫টা পর্যন্ত প্রায় ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে আটকা পড়ে কয়েক শ যানবাহন। আজ সকাল ১০টার পরে যানবাহনের চাপ কিছুটা কমলেও ফেরি চলাচল ব্যাহত হওয়ায় উভয় ঘাটেই রয়েছে চরম দুর্ভোগ।
বিআইডব্লিউটিসি ঘাট সূত্র জানায়, পদ্মা সেতুর নিরাপত্তা ও নদীতে তীব্র স্রোত থাকায় নৌপথে সব ধরনের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সীমিত করা হয়েছে। গত শুক্রবার রাত থেকে নতুন সিদ্ধান্ত নেয় ঘাট কর্তৃপক্ষ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাতে ফেরি চলাচলে ঝুঁকি থাকায় শুক্র, শনি ও রোববার রাতে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। তবে দিনের বেলায় ফেরি চলেছে। দিনে দৈনিক ৪ থেকে ৫টি ছোট ও মাঝারি ফেরি চলাচল করেছে এই নৌপথে। আজ ভোর থেকে ৫টি ফেরি এই নৌপথে যানবাহন নিয়ে চলাচল করছে। তবে ফেরিগুলো পারাপারে দ্বিগুণের বেশি সময় ব্যয় হচ্ছে।
বিআইডব্লিউটিসি বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন আহমেদ আজ বেলা সাড়ে ১১টার দিকে প্রথম আলোকে বলেন, ‘ঘাটে মানুষ ও যানবাহন পারাপার ঠিকমতো করতে পারছি না আমরা। সকাল থেকে ৫টি ছোট ফেরি চলে। তীব্র স্রোতের কারণে পারাপারে একটু সময় তো লাগবেই। এসবের মধ্যে আমরা জরুরি সেবা দেওয়ার চেষ্টা করছি।’
বাংলাবাজার ঘাটে আটকা পড়া প্রাইভেট কারের চালক সরোয়ার হোসেন বলেন, ‘সকাল ১০টা থেকে ঘাটে আটকা পড়েছি। সিরিয়ালে আমার গাড়ি অনেক দূরে। ফেরিও ঘাটে তেমন আসে না। দীর্ঘ সময় অপেক্ষায় থাকার পর ঘাটে ফেরি আসে। তাও ছোট ফেরি। এই ফেরিতে জায়গা অনেক কম। ৮ থেকে ১০টা ছোট গাড়ি লোড নিলেই ফেরি ভরে যায়।’
বাংলাবাজার ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) জামালউদ্দিন বেলা সাড়ে ১১টার দিকে প্রথম আলোকে বলেন, রাতে ফেরি না চলায় সকালে গাড়ির চাপ খুব বেশি পড়ে। তবে ১০টার পর থেকে চাপ কমতে শুরু করেছে। ফেরি সীমিত ও ছোট ফেরি চলায় কিছুক্ষণ ঘাটে এসে সব ধরনের যানবাহনের চালকদের অপেক্ষায় থাকতে হচ্ছে। তবে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, কাঁচামালের গাড়িকে অগ্রাধিকার ভিত্তিতে ফেরিতে ওঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ঘাটে আটকা পড়া পণ্যবাহী ট্রাকগুলো অন্য নৌপথ দিয়ে চলে গেছে। এ কারণে এখন আর ট্রাকের জট টার্মিনালে নেই। নতুন ট্রাকগুলো দৌলতদিয়া-পাটুরিয়া বা শরীয়তপুরের আলুবাজার ফেরিঘাট দিয়ে গন্তব্যে যাচ্ছে।