বাংলাবাজার-শিমুলিয়ায় জরুরি প্রয়োজনে চলছে ৭টি ফেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে বাড়ানো হয়েছে পুলিশ প্রহরা। রোববার সকালে মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে।
ছবি: প্রথম আলো

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে চলা কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনেও মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে চলাচল করছে ৭টি ফেরি। এসব ফেরিতে জরুরি পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি ছাড়াও হাতে গোনা কয়েকজন যাত্রী পারাপার হচ্ছে।

আজ রোববার বেলা ১১টার দিকে বিআইডব্লিউটিসি বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘কঠোর বিধিনিষেধের শুরুর দিন থেকে আমরা ফেরিতে যাত্রীবাহী কোনো পরিবহন পারাপার করছি না। শুধু জরুরি ভিত্তিতে আসা কাঁচামালের ট্রাক, অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি ফেরিতে ওঠানো হচ্ছে। একই সঙ্গে যাত্রী ওঠানোর ক্ষেত্রেও কঠোর অবস্থানে আছি আমরা।’ তিনি বলেন, ঘাটে গাড়ির চাপ কম থাকায় ফেরির সংখ্যা কমিয়ে আনা হয়েছে। সাধারণ সময়ে ১৫ থেকে ১৬টি ফেরি চলাচল করলেও এখন ৭টি ফেরি চলছে। গাড়ির চাপ বাড়লে ফেরির সংখ্যা বাড়ানো হবে।

বিআইডব্লিউটিসি ঘাট সূত্র জানায়, গত বৃহস্পতিবার ভোর থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ চলায় যাত্রী ও যানবাহনের চাপ কমে যায় বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে। লকডাউনের প্রথম দিন নৌপথে যেকোনো দুর্ভোগ এড়াতে ৪টি রো রো ফেরি, ৫টি ডাম্পসহ ১৪টি ফেরি চালু রাখা হলেও যানবাহনের চাপ কমায় গতকাল শনিবার থেকে ৭টি ফেরি চালু রাখা হয়। ঘাটে আসামাত্রই ফেরিতে উঠতে পারছে যানবাহনগুলো।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন প্রথম আলোকে বলেন, ‘ঘাটে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সকাল থেকে আমাদের একটি টিম কাজ করছে। ঘাটের সংযোগ সড়কে প্রবেশ করা প্রতিটি গাড়ি চেক করা হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘাটে এলেই তাকে আটকে দেওয়া হচ্ছে। হাতে গোনা কয়েকজন যাত্রীদের জরুরি কারণ ছাড়া ফেরিতে উঠতে দেওয়া হচ্ছে না। থানার পুলিশ ছাড়াও ঘাটের বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ কঠোর নজরদারিতে রয়েছে।’