বাংলাবান্ধা স্থলবন্দরে ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ছয় দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করেছেন দুই দেশের ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
কুদরত-ই-খুদা মুঠোফোনে প্রথম আলোক বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৯ থেকে ১৪ জুলাই আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের ফুলবাড়ি স্থলবন্দরের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নেওয়ার পর বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেড কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে বিষয়টি জানানো হয়েছে।
তবে এ সময় বন্দরের অভিবাসনচৌকিতে মানুষ পারাপার এবং বন্দরের অন্যান্য সরকারি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। ১৫ জুলাই শুক্রবার হওয়ায় ১৬ জুলাই সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি শুরু হবে।
বাংলাবান্ধা স্থলবন্দরের অভিবাসনচৌকির (ইমিগ্রেশন পুলিশ) ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ঈদের সময় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও অভিবাসনচৌকি দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করতে পারবেন।