বাংলাবান্ধা স্থলবন্দরে দুই ট্রাকের চাপায় পড়ে ভারতীয় ট্রাকচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাবান্ধা স্থলবন্দর
ফাইল ছবি

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে দুটি ট্রাকের মধ্যে চাপা পড়ে গুরুতর আহত ভারতীয় ট্রাকচালক মেহবুব রহমান (৩৫) ভারতের হাসপাতালে মারা গেছেন। বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ সোমবার দুপুর ১২টা ৫০ মিনিটে ভারতের শিলিগুড়ির মহারাজা অগ্রসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার আগে আজ দুপুর পৌনে ১২টার দিকে বাংলাবান্ধা স্থলবন্দরের ২ নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মেহবুব রহমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার শক্তিগড় এলাকার বাসিন্দা।

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেড কর্তৃপক্ষ সূত্র জানায়, আজ বেলা ১১টার পর ভারতীয় ট্রাকচালক মেহবুব রহমান ভারতীয় পণ্য নিয়ে স্থলবন্দরের ১ নম্বর গেট দিয়ে ইয়ার্ডে প্রবেশ করেন। পরে বেলা ১১টা ৪০ মিনিটে তিনি পণ্য খালাসের জন্য স্থলবন্দরের ২ নম্বর গেট এলাকায় ট্রাক রেখে নিজের ট্রাকের বাঁ পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পণ্য নিতে আসা বাংলাদেশি একটি খালি ট্রাক পেছাচ্ছিল। একপর্যায়ে বাংলাদেশি ট্রাকটি দাঁড়িয়ে থাকা চালক মেহবুবকে ধাক্কা দিলে তিনি নিজের ট্রাক ও বাংলাদেশি ট্রাকের মধ্যে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে বন্দরের শ্রমিকেরা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিজিবি-বিএসএফের সহায়তায় ভারতে পাঠান।

নিহত ট্রাকচালক মেহবুব রহমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার শক্তিগড় এলাকার বাসিন্দা।

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওই ট্রাকচালককে শিলিগুড়ির মহারাজা অগ্রসেন হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দুর্ঘটনার পরে সাময়িকভাবে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনার পর বাংলাদেশি ট্রাকটি স্থানীয়দের সহায়তায় জব্দ করা হলেও ট্রাকচালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় তেঁতুলিয়া থানা-পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।