বাউফলে গৃহবধূকে হাত-পা বেঁধে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী জেলার মানচিত্র

পটুয়াখালীর বাউফল উপজেলায় মোসা. জান্নাতুল (১৮) নামের এক গৃহবধূকে হাত-পা বেঁধে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার নওমালা ইউনিয়নের নিজ বটকাজল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ওই গৃহবধূর স্বামী নজরুল ইসলামকে (২৬) আটক করে রাত পৌনে আটটার দিকে পুলিশে সোপর্দ করেছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ছয় মাস আগে নওমালা গ্রামের বাসিন্দা সহিদুল ইসলাম মুন্সির ছেলে নজরুল ইসলামের সঙ্গে পাশের নিজ বটকাজল গ্রামের মো. সানু গাজির মেয়ে জান্নাতুলের বিয়ে হয়। নজরুল ঢাকায় রডমিস্ত্রির কাজ করেন। গত ২১ ফেব্রুয়ারি তিনি বাড়িতে এসে ২২ ফেব্রুয়ারি স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যান।

জান্নাতুলের মা তাসলিমা বেগম (৫৫) প্রথম আলোকে বলেন, বেলা সাড়ে তিনটার দিকে তাঁর (শাশুড়ি) মুঠোফোন নিয়ে দেখছিলেন নজরুল। এ নিয়ে জান্নাতুল ও নজরুলের কথা-কাটাকাটি হয়। তখন তিনি বাইরে চলে যান। ঘরে অন্য কেউ ছিলেন না। পরে এসে জান্নাতুলকে হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান। অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে নওমালা ইউনিয়ন কমিউনিটি কেন্দ্রে নিয়ে গেলে দায়িত্বে থাকা চিকিৎসক জান্নাতুলকে মৃত ঘোষণা করেন। তাসলিমা বেগমের অভিযোগ, তাঁর মেয়েকে জোর করে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে।

অভিযুক্ত নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার শাশুড়ির মুঠোফোন ধরাকে কেন্দ্র করে আমার সঙ্গে জান্নাতুল খারাপ আচরণ করে। এ জন্য আমি আমার শ্বশুরের ঘর থেকে বের হয়ে বাড়ির অদূরে একটি দোকানে গিয়ে বসেছিলাম। পরে শুনতে পাই, জান্নাতুল বিষ পান করে আত্মহত্যা করেছে। সেখান থেকে জান্নাতুলের স্বজনেরা আমাকে আটক করে মারধর করেছে। হাত-পা বেঁধে বিষ খাওয়ানোর অভিযোগ সত্য নয়।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন রাতে প্রথম আলোকে বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। প্রাথমিক তদন্তে বিষ পানে মারা যাওয়ার আলামত পাওয়া গেছে। লাশ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। বুধবার ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে জান্নাতুল আত্মহত্যা করেছে, নাকি বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলা যাবে না।’

আল মামুন আরও বলেন, মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় স্থানীয় লোকজন জান্নাতুলের স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।