বাউফলে ছেলের সামনে ট্রলির চাকায় পিষ্ট হয়ে মায়ের মৃত্যু
পটুয়াখালীর বাউফলে ইটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার কাছিপাড়া-বাহেরচর সড়কের শামছুল হক মৃধার বাড়ির সামনে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই গৃহবধূর নাম শিল্পী আক্তার (৪০)। তিনি উপজেলার আনারকলি মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মো. দুলাল ফরাজির স্ত্রী ও কাছিপাড়া ইউনিয়নের কাছিপাড়া গ্রামের বাসিন্দা। এ সময় শিল্পী আক্তারের ছেলে হিমেল (১০) আহত হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওই ট্রলিতে আগুন লাগিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন ওই ট্রলিচালকের সহকারী মো. নয়নকে (২৪) আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে শিল্পী তাঁর ছেলে হিমেলকে নিয়ে রিকশায় উত্তর কাছিপাড়া এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। রিকশাটি শামছুল হক মৃধার বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রলি রিকশাকে ধাক্কা দেয়। এতে শিল্পী রিকশা থেকে পড়ে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় রিকশা থেকে ছিটকে পড়ে হিমেল আহত হয়।
দুর্ঘটনার পরপরই ট্রলির চালক পালিয়ে যান। ওই সময় স্থানীয় লোকজন ট্রলিচালকের সহকারী মো. নয়নকে আটক করেন এবং ট্রলিতে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলেন।
এ বিষয়ে হিমেলের সঙ্গে কথা বলতে চাইলে সে কাঁদতে কাঁদতে বলে, ‘আমার মা কথা কয় না, আমার মাকে চাপা দিয়ে মেরে ফেলেছে। তোমরা আমার মাকে ফিরিয়ে দাও।’
জানতে চাইলে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।