বাউফলে নির্যাতনে মাদ্রাসাছাত্রের মৃত্যুর ঘটনায় মামলা নিতে আদালতের নির্দেশ
পটুয়াখালীর বাউফল উপজেলায় নির্যাতনে মাদ্রাসাছাত্র আরাফাত হোসেনের (৮) মৃত্যুর অভিযোগে আদালতে করা নালিশি মামলাটি এজাহার হিসেবে রুজু করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন বাউফল থানায় মামলা নেওয়া হয়নি, তা জানাতে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কারণ দর্শাতে বলা হয়েছে।
আজ বুধবার পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আমলি আদালত এই নির্দেশ দেন। মামলাটি করেন শিশুটির বাবা মো. হাসান প্যাদা (২৮)। মামলা নম্বর ৩০৮/২১।
আজ বাদীপক্ষের আইনজীবী মো. আবদুল্লাহ আল নোমান বলেন, ২৯ আগস্ট আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন তিন দিনের মধ্যে বাউফল থানার ওসি আল মামুনকে মামলার বিষয়ে জানাতে বলেছিলেন। আজ ওসি লিখিতভাবে আদালতকে জানিয়েছেন, মামলাটি সেদিন নেওয়া হয়নি। পরে আজ বিচারক মামলাটি ওসিকে এজাহার হিসেবে রুজু করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে কেন মামলা নেওয়া হয়নি, এ বিষয়ে ওসিকে তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলেছেন।
আদালতে করা নালিশে মামলায় আসামি করা হয়েছে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর আল ইয়াসিন শিশুসদন হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. জিকিরউল্লাহ (৪৫) ও তাঁর ছোট ভাই কাওছারকে (৪০)। এ ছাড়া তিন-চারজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আরাফাত ওই মাদ্রাসার নজরানা বিভাগের ছাত্র ছিল। ৮-৯ মাস আগে মাদ্রাসায় আরাফাতকে ভর্তি করা হয়। তার মৃত্যুর ঘটনায় প্রথম আলো অনলাইন সংস্করণে ২৬ আগস্ট ‘বাউফলে শিক্ষকের নির্যাতন, পালাতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু’ ও ২৮ আগস্ট ‘নির্যাতনে শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ, মামলা নেয়নি পুলিশ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
নিহত আরাফাতের বাবা মো. হাসান প্যাদা অভিযোগে করেন, পড়া মুখস্থ না হওয়ায় ২২ আগস্ট বেলা দুইটার দিকে তাঁর একমাত্র ছেলে আরাফাতকে ধরে দেয়ালের সঙ্গে ধাক্কা দিয়ে গুরুতর আহত করেন মাদ্রাসার অধ্যক্ষ মো. জিকিরউল্লাহ। এতে আরাফাতের মাথার হাড় ভেঙে যায় ও ডান চোখে গুরুতর জখম হয়। কিন্তু বিষয়টি তাঁদের না জানিয়ে জিকিরউল্লাহ তাঁর ছোট ভাই মো. কাওছারের মাধ্যমে আরাফাতকে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা করেন। অবস্থা ভালো না দেখে পরের দিন সকাল সাড়ে ছয়টার দিকে মুঠোফোনে কল করে আরাফাতের অসুস্থ হওয়ার বিষয়টি তাঁদের জানানো হয়।
হাসান প্যাদা বলেন, তিনি মাদ্রাসায় গিয়ে আরাফাতকে অচেতন অবস্থায় দেখতে পান। অসুস্থ আরাফাতকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২৪ আগস্ট তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেদিনই রাত ৯টার দিকে আরাফাত মারা যায়। ময়নাতদন্ত শেষে ২৫ আগস্ট রাত ১১টার দিকে আরাফাতের লাশ বাউফলের গ্রামের বাড়িতে আনা হয়। ২৬ আগস্ট সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এ ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ জিকিরউল্লাহ ও তাঁর ভাই কাওছারের নামে গত শনিবার দুপুরে বাউফল থানায় মামলা করতে যান হাসান প্যাদা। তবে থানায় মামলা নেওয়া হয়নি। পরে ২৯ আগস্ট তিনি পটুয়াখালী আদালতে গিয়ে মামলাটি করেন।