বাউফলে পুলিশের হাতকড়া নিয়ে তরুণের ঘোরাঘুরি, জনতার হাতে আটক
পটুয়াখালীর বাউফলে পুলিশের হাতকড়া নিয়ে ঘোরাঘুরির সময় মো. আবদুল্লাহ (১৮) নামের এক তরুণকে আটক করেন স্থানীয় লোকজন। হাতকড়াটি বাউফল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শামীমের কাছ থেকে পেয়েছেন বলে দাবি করেন ওই তরুণ। পরে ওই পুলিশ সদস্য মুঠোফোনে ফোন দিয়ে আব্দুল্লাহকে ছেড়ে দিতে বললে ঝামেলা এড়াতে স্থানীয় লোকজন তাঁকে ছেড়ে দেন।
আজ মঙ্গলবার বিকেল পৌনে তিনটার দিকে উপজেলার দাশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আবদুল্লাহ দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের হাসেম মল্লিকের ছেলে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেল পৌনে তিনটার দিকে আবদুল্লাহ ওই ইউনিয়নের দাশপাড়া গ্রামের কমিউনিটি ক্লিনিকের আশপাশে পুলিশের হাতকড়া নিয়ে ঘোরাঘুরি করছিলেন। তখন স্থানীয় মো. বাবলু কাজী (৩০) নামের এক যুবক তাঁকে হাতকড়া নিয়ে ঘোরাঘুরির কারণ জানতে চান। ওই তরুণ জানান, তিনি বাউফল থানার এএসআই মো. শামীমের সোর্স হিসেবে কাজ করেন। তাঁকে আসামি গ্রেপ্তারের জন্য শামীম হাতকড়াটি দিয়েছেন। একপর্যায়ে স্থানীয় লোকজন ওই তরুণকে আটক করেন। খবর পেয়ে তাঁর বড় বোন ঘটনাস্থলে যান এবং ভাইকে ছেড়ে দেওয়ার জন্য বলেন। এ সময় এএসআই শামীম ওই তরুণের মুঠোফোনে কল দিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন এবং তাঁর সোর্স দাবি করে আবদুল্লাহকে থানায় পাঠাতে বলেন। ঝামেলা এড়াতে স্থানীয় লোকজন আবদুল্লাহকে ছেড়ে দেন।
এএসআই শামীমের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন কেটে দেন। খুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি। তবে আবদুল্লাহকে হাতকড়া দেওয়ার বিষয়টি সাংবাদিকদের কাছে স্বীকার করেছেন তিনি। তিনি দাবি করেন, আবদুল্লাহ তাঁর মোটরসাইকেলচালক। তাই আবদুল্লাহর কাছে হাতকড়া থাকতেই পারে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, পুলিশের হাতকড়া অন্য কারও কাছে রাখার সুযোগ নেই। এএসআই শামীম তাঁকে (আবদুল্লাহ) হাতকড়া দিয়ে থাকলে তিনি অন্যায় করেছেন। এ বিষয়ে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।