বাউফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র হতে যাচ্ছেন আ.লীগের জিয়াউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়াউল হক
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী মো. জিয়াউল হক ওরফে জুয়েল দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজ বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মেয়র পদে জিয়াউল হক ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৪ জানুয়ারি। ওই দিন তাঁকে (জিয়াউল) বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত ঘোষণা করা হবে।

জিয়াউল হক বাউফল পৌরসভার বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মেয়াদ শেষ হলেও সীমানা নির্ধারণসংক্রান্ত মামলার জটিলতার কারণে বাউফল পৌরসভা নির্বাচন আটকে ছিল। সর্বশেষ ২০১২ সালের ২২ মে বাউফল পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই নির্বাচনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক মেয়র নির্বাচিত হন। জিয়াউল দায়িত্ব নেওয়ার ১৪ দিনের মধ্যে পৌরসভাটি তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হয়।

পরবর্তী সময়ে পৌরসভার সীমানা বাড়িয়ে আবার পৌরসভাটি প্রথম শ্রেণিতে উন্নীত করা হয় এবং উন্নয়ন করা হয়। তবে ওই সময় বাউফল সদর, নাজিরপুর, দাসপাড়া ও মদনপুরা ইউনিয়নের বাসিন্দারা একাধিক মামলা করেন। এ কারণে মেয়াদ শেষ হয়ে গেলেও ওই চার ইউনিয়ন ও বাউফল পৌরসভার নির্বাচন বন্ধ হয়ে যায়।