বাউফলে মোটরসাইকেলচালককে কুপিয়ে গুরুতর জখম
পূর্ববিরোধের জেরে পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বাবুর হাট এলাকায় বৃহস্পতিবার রাতে মো. জহির (৩৩) নামের এক যুবককে কুপিয়ে ও হাতুরিপেটা করে গুরুতর জখম করা হয়েছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জহির পূর্ব নওমালা গ্রামের বাসিন্দা মো. সেকান্দার আলী সিকদারের ছেলে। তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক।
স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে বাবুর হাট এলাকায় একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন জহির। রাত আটটার দিকে স্থানীয় মো. মাসুদ সিকদারের (৩২) নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল জহিরকে ঘেরাও করে এবং তাঁকে (জহির) এলোপাতাড়ি কুপিয়ে মাটিতে ফেলে হাত-পা, মাথা ও শরীরের বিভিন্ন অংশে হাতুড়িপেটা করে গুরুতর জখম করে তারা চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. তাসিফুল ইসলাম বলেন, তাঁর শরীরের বিভিন্ন অংশে কোপের দাগ রয়েছে। হাত-পাসহ বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় এক্স–রে করানো সম্ভব হয়নি। তবে বাঁ হাত ও দুই পায়ের হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনাই বেশি। প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ব্যক্তির স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে পূর্ব নওমালা গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে মো. মাসুদ সিকদারের সঙ্গে একই গ্রামের জহিরের বিরোধ চলছে। ওই বিরোধকে কেন্দ্র করে জহিরের ওপর হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে জানতে মাসুদ সিকদারের মুঠোফোনে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা উদ্ঘাটনের চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’