বাউফলে মোটরসাইকেলের ধাক্কায় আ.লীগ নেতার মৃত্যু
পটুয়াখালীর বাউফল উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন হাওলাদার (৬০) নিহত হয়েছেন।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, গতকাল বিকেল পাঁচটার দিকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের চন্দ্রদ্বীপ গ্রামের নিজবাড়ির সামনে একটি সড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি আহত হন। স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়।
আজ মঙ্গলবার বিকেলে আ স ম ফিরোজ মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আমির হোসেনের লাশ দাফন করা হয়। আমির হোসেনের নাতি মো. সোহেল বলেন, ‘এ বিষয়ে আমরা আইনের আশ্রয় নেব না।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।