বাউফলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পটুয়াখালীর বাউফলে সাড়ে তিন বছরের এক শিশুর হাত বেঁধে নাসরুল্লাহ সিকদার (৩০) নামের এক যুবক ধর্ষণচেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে গেলে অভিযুক্ত নাসরুল্লাহ পালিয়ে যান। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও শিশুটির মা–বাবার সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে শিশুটি অন্য শিশুদের সঙ্গে বাগানে গাছের নিচে বসে খেলছিল। সকাল ৯টার দিকে নাসরুল্লাহ নামের ওই ব্যক্তি শিশুটিকে কোলে করে তাঁদের বাড়ির ছাদে নিয়ে যান। সেখানে হাত বেঁধে ধর্ষণের চেষ্টা চালান নাসরুল্লাহ। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে নাসরুল্লাহ দৌড়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
শিশুটি বলে, চিৎকার করায় তাকে মেরেছেন নাসরুল্লাহ। শিশুটি তার দুই গালে ও দুই হাতে আঘাতের চিহ্ন দেখিয়ে দেয়।
শিশুটির বাবা বলেন, আইনের আশ্রয় নেওয়ার জন্য শনিবার বিকেলে শিশুটিকে নিয়ে তাঁরা বাউফল থানায় অবস্থান করছেন। ইতিমধ্যে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন।
এ ঘটনার পর নাসরুল্লাহ গা ডাকা দিয়েছেন। মুঠোফোন বন্ধ পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বাউফল থানার ওসি আল মামুন বলেন, শিশুটি ও তার বাবা-মা থানায় আছেন। তাঁদের সঙ্গে কথা বলেছেন। সরেজমিনে পরিদর্শন করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।