বাউলসাধককে নিয়ে উৎসবের উদ্বোধন

শত শিল্পী একসঙ্গে গাইলেন ‘আগে কী সুন্দর দিন কাটাইতাম’ আর ‘কোন মেস্তোরি নাও বানাইল’ গান দুটি। সে সুরের আবেশ ছড়িয়ে পড়ল দর্শকদের কণ্ঠেও। আর এভাবেই গানে-গানে সম্মান জানানো হয় প্রয়াত বাউলসাধক শাহ আবদুল করিমকে। এ দৃশ্য ছিল বাউলের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধনী পর্বের।
গতকাল বুধবার বিকেল পাঁচটায় সিলেট জেলা স্টেডিয়ামের সামনে উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শাহ আবদুল করিম জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় পর্ষদ সিলেট কমিটির উদ্যোগে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ উৎসব পালিত হচ্ছে। বক্তৃতায় অর্থমন্ত্রী প্রয়াত বাউলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা উল্লেখ করে জানান, তাঁর গানের আরও বিস্তৃতি প্রয়োজন।
বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, উৎসব উদ্যাপন পর্ষদের জাতীয় কমিটির আহ্বায়ক গোলাম কুদ্দুছ, নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান ও সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন। সভাপতিত্ব করেন আবুল ফতেহ ফাত্তাহ।
বক্তৃতায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, খুব গভীরভাবে করিমের জীবন ও দর্শনকে অনুধাবন করতে হবে। তাঁর গান ও জীবন নিয়ে আরও আরও গবেষণা প্রয়োজন।