বাউলসাধকের জন্মশত বার্ষিকীর পরম উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমা থেকে প্রকাশিত লোকসংস্কৃতি গবেষক সুমনকুমার দাশের লেখা শাহ আবদুল করিম: জীবন ও গান বইটি এই বাউলসাধকের জন্মশতবার্ষিকীর পরম উপহার। বইটি সাধারণ পাঠককে যেভাবে আকৃষ্ট করবে, তেমনি গবেষকদেরও প্রয়োজন মেটাবে।
সিলেট সিটি করপোরেশন মিলনায়তনে গতকাল শনিবার বইটির প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন আলোচকেরা। প্রকাশনা অনুষ্ঠান উদ্যাপন পর্ষদের সদস্যসচিব মইনুদ্দিন আহমদ জালাল স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানের শুরুতে লেখক সুমনকুমার দাশ বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারি করিমের জন্মের শতবর্ষ পূর্ণ হবে। এরই পরিপ্রেক্ষিতে প্রথমা বইটি প্রকাশ করছে। সুমনকুমার বলেন, বইয়ে নির্মোহ ও নিবিষ্ট দৃষ্টিতে বাউলগানের কিংবদন্তি নায়কের জীবন ও কর্মগাথা উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।
সিলেটের কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম বলেন, শাহ আবদুল করিম তাঁর জীবনযাপন ও সৃষ্টিকর্মের মাধ্যমে বাউলসাধনার উচ্চমার্গে পৌঁছেছিলেন। বাউলগানের পাশাপাশি এ দেশের দুঃখী মানুষের কথা, দেশের কথা, সাধারণ মানুষের কথা তাঁর গানে সুন্দরভাবে ফুটে উঠেছে। বাউল করিমের জীবন ও গান নিয়ে আকরগ্রন্থ এ বই। এটি সাধারণ পাঠকদের যেমন আকৃষ্ট করবে, তৃপ্তি দেবে, তেমনি গবেষকদেরও প্রয়োজন মেটাবে।
আলোচনায় সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমাদ দীন বলেন, একটি গবেষণাকাজে গবেষকদের যে দৌড়ঝাঁপ করতে হয়, ঘাঁটাঘাঁটি করতে হয়, শাহ আবদুল করিমকে নিয়ে এই বই হাতে পেলে তা আর করতে হবে না।
প্রকাশনা অনুষ্ঠানের সভাপতি কবি তুষার কর শাহ আবদুল করিমকে লোকসংস্কৃতির ‘খনি’ বলে অভিহিত করেন। তিনি বলেন, সুমনকুমার দাশ এই গ্রন্থে সেই খনির সন্ধান দিয়েছেন। গানই করিমের জীবন। এই অনন্য জীবনকথাই বর্ণিত হয়েছে শাহ আবদুল করিম: জীবন ও গান বইটিতে।
আলোচনা পর্বের পর বাউলগানের মধ্য দিয়ে প্রকাশনা অনুষ্ঠানের সমাপ্তি হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সিলেটের আবৃত্তিশিল্পী নাজমা পারভিন। দ্বিতীয় পর্বে শাহ আবদুল করিমের শিষ্য বাউলদের পরিবেশনায় বাউলগান হয়। শাহ আবদুল করিমের জনপ্রিয় গান পর্যায়ক্রমে পরিবেশন করেন বাউল আবদুর রহমান, বাউল সূর্য লাল, বাউল তোতা মিয়া, বাউল আজগর আলী ও বাউল বশিরউদ্দিন সরকার।
অনুষ্ঠানে সিলেটের সুশীল সমাজের প্রতিনিধি, কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাহিত্য-সংস্কৃতি-নাট্যাঙ্গনের বিশিষ্টজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ অংশ নেন।