বাকিতে চা না দেওয়ায়...

বাকিতে চা খেতে না দেওয়ায় এক দোকানদারসহ দুজনকে কুপিয়ে আহত করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে নগরের কোতোয়ালি থানার নন্দনকানন পুলিশ প্লাজার নিচে এই ঘটনা ঘটেছে। আহত দোকানদার এনামুল হক এবং ক্রেতা আইনুল হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দোকান মালিক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, শিমুল নামের সিটি কলেজের সাবেক এক ছাত্রলীগ কর্মী গত সোমবার তাঁর দোকানে বাকিতে চা খেতে আসেন। তাঁর কাছে আগের কিছু টাকা পাওনা ছিল। টাকা চাওয়ায় তিনি রেগে যান। এই ঘটনার জেরে মঙ্গলবার ১০ থেকে ১৫ জন যুবক নিয়ে তাঁর দোকানে এসে ভাঙচুর ও হামলা চালান। সবার হাতে লাঠি ও কিরিচ ছিল। দোকানে তখন তিনি ছিলেন না। তাঁর দোকানের ব্যবস্থাপক এনামুল এবং চা খেতে আসা আইনুল গুরুতর আহত হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন বলেন, নন্দনকানন এলাকায় আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন। তিনি বলেন, থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
এ ব্যাপারে নগর ছাত্রলীগের সহসভাপতি একরামুল হক বলেন, শিমুলসহ দোকানে হামলাকারীরা ছাত্রলীগের কেউ নন।