বকেয়া টাকা চাওয়ায় দোকান বন্ধ করে দিলেন ইউপি সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর জেলার মানচিত্র

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বাকির টাকা চাওয়ায় এক ইউপি সদস্য এক ব্যবসায়ীর দোকানে ভাঙচুর চালিয়েছেন এবং ওই দোকান বন্ধ করে দিয়েছেন। উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ রোববার ভুক্তভোগী ওই ব্যবসায়ী মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি মধ্যপাড়া গ্রামের শাহিন মিয়া (৩৫) দীর্ঘদিন ধরে মুদি ব্যবসা করে আসছেন। দোকান থেকে স্থানীয় হাটবাড়ি গ্রামের বাসিন্দা ও ডোয়াইল ইউনিয়র পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য রুবেল মিয়া ১৩ হাজার টাকার বিভিন্ন পণ্য বাকিতে নেন। গত বুধবার ইউপি সদস্য আবার শাহিন মিয়ার দোকানে বাকিতে পণ্য কিনতে আসেন। এ সময় শাহিন আগের পাওনা ১৩ হাজার টাকা পরিশোধ করতে বলেন। এ কথা বলার সঙ্গে সঙ্গে রুবেল মিয়া তাঁর লোকজনকে ডেকে এনে দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। এরপর ওই ইউপি সদস্য শাহিন মিয়াকে দোকান বন্ধ রাখতে বলেন।

এ ঘটনার জেরে গত বৃহস্পতিবার রাতে আবার ইউপি সদস্য রুবেল মিয়া ও তাঁর লোকজন শাহিন মিয়ার বাড়িতে হামলা করেন। এ সময় তাঁরা শাহীন মিয়ার এক ভাইয়ের স্ত্রীর শ্লীলতাহানি করেন। এ ঘটনায় রোববার শাহিন মিয়া বাদী হয়ে ইউপি সদস্য রুবেল মিয়াকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা করেছেন।

ব্যবসায়ী শাহিন মিয়া বলেন, ‘বাকির টাকা চাওয়ায় ইউপি সদস্য রুবেল মিয়া ও তার লোকজন আমার দোকানে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে।’ শাহিন আরও বলেন, ওই ইউপি সদস্য তাঁকে দোকান বন্ধ রাখতে বলেছেন।

শাহিন মিয়ার দোকান ভাঙচুর ও তাঁর দোকানে লুটপাট চালানোর অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডোয়াইল ইউপির সদস্য রুবেল মিয়া বলেন, ‘বাকির টাকা চাওয়ায় একটু রাগ করে দোকানের জিনিসপত্র তছনছ করেছি।’ তবে তিনি শাহীন মিয়ার দোকান বন্ধ করে রাখার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি শাহীন মিয়ার বাড়িতে হামলা ও তাঁর ভাইয়ের স্ত্রীর শ্লীলতাহানি করার অভিযোগও অস্বীকার করেছেন।

ডোয়াইল ইউনিয়র পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দিন বলেন, ‘রুবেল মেম্বার যে দোকান বন্ধ করে দিয়েছে, তা আমাকে কেউ বলেননি। শিগগিরই ওই দোকান খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে।’

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রকিবুল হক বলেন, ইউপি সদস্য রুবেলের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। অভিযোগ তদন্ত করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।