বাকেরগঞ্জে ঘেরমালিককে কুপিয়ে মাছ লুটের অভিযোগ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক ঘেরমালিককে কুপিয়ে জখমের পর তাঁর ঘেরের কয়েক লাখ টাকার মাছ, চারটি পাম্পসহ অন্যান্য মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর হামলাকারীরা ঘেরের জমি দখলের ‘পাঁয়তারা’ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আহত ঘেরমালিক।
ভুক্তভোগী ঘেরমালিক মাহবুব আলম মোল্লা (৪০) উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া এলাকার বাসিন্দা। তাঁর ওপর হামলার ঘটনায় বাকেরগঞ্জ থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। মামলায় গ্রেপ্তারের পর একজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত, অন্য দুজন জামিনে।
মাহবুব আলম অভিযোগ করেন, ১৬ মার্চ রাত সাড়ে ১১টার দিকে ঘেরে মাছের খাবার দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। ফেরার পথে সাত-আটজনের একটি দল তাঁর পথ রোধ করে। এ সময় কিল, ঘুষি মারতে থাকলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। তখন হামলাকারীরা চাপাতি দিয়ে তাঁকে কোপাতে শুরু করেন। এতে তাঁর মাথার বাঁপাশ ও হাতে জখম হয়। তবে রেহাই না মেলায় চিৎকার শুরু করেন তিনি। এ সময় স্থানীয় লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর তাঁরা মাহবুবকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গতকাল বুধবার তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
মাহবুবের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় মিজান তালুকদার, মিঠু মোল্লা, নান্না মোল্লা ও তাঁদের সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে। মাছের ঘের করার পর থেকে ঘের দখলের পাঁয়তারা চালাচ্ছিলেন তাঁরা। এর অংশ হিসেবেই তাঁকে ‘হত্যার উদ্দেশ্যে’ এই হামলা হয়।
মাহবুব আলমের স্ত্রী রিনা আকতার অভিযোগ করেন, ‘মাহবুবকে কুপিয়ে গুরুতর আহত করার পর সন্ত্রাসীরা আমাদের ঘেরের প্রায় পাঁচ-ছয় লাখ টাকার মাছ ধরে নিয়ে গেছে। এ ছাড়া চারটি সাবমারসিবল পাম্প, চারটি সিসি ক্যামেরা, মনিটরসহ অন্য মালামাল লুট করে নিয়ে গেছে। এখন ঘেরের জমি দখল করে নেওয়ার চেষ্টা করছে।’
মাহবুব আলমের অভিযোগ, ঘটনার পর পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ছয়-সাতজনের নামে বাকেরগঞ্জ থানায় তিনি একটি লিখিত অভিযোগ দেন। তবে পুলিশ তিনজনের নাম রেখে অন্য দুজনের নাম বাদ দিয়ে মামলা করে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দীন মিলন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, তাঁরা যাঁদের নামে এজাহার দিয়েছেন, সেটিই মামলা হিসেবে নেওয়া হয়েছে।
ওসি আলাউদ্দীন আরও বলেন, যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাঁরা ও মাহবুব পরস্পর আত্মীয়। জমি নিয়ে তাঁদের মধ্যে অনেক দিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি তদন্ত করে দেখছেন তাঁরা।