বাগমারার ঝিকরায় এক দিনের ব্যবধানে সাপের কামড়ে আরেকজনের মৃত্যু
এক দিনের ব্যবধানে রাজশাহীর বাগমারার ঝিকরায় সাপের কামড়ে আরেকজনের মৃত্যু হয়েছে। এবার এক বিধবা নারীর মৃত্যু হয়েছে। মৃত ওই নারীর নাম মাজেদা বেগম (৬৪)। তিনি ঝিকরা ইউনিয়নের রায়নগর গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী। এর আগের দিন ইউনিয়নের চকসেউজবাড়ি গ্রামে এক শিশু সাপের কামড়ে মারা যায়।
মৃত নারীর স্বজনেরা বলেন, গতকাল শুক্রবার রাতের খাবার খেয়ে মাজেদা বেগম নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ওই ঘরে তিনি একাই ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে তিনি চিৎকার শুরু করেন। তাঁর হাতে সাপে কামড় দিয়েছে বলে জানিয়ে লোকজনের সহায়তা চান। তাঁর আর্তচিৎকারে পাশের বাড়ির লোকজন ছুটে আসেন। এ সময় তাঁরা ঘরে ঢুকে ওই নারীকে উদ্ধার করেন। এ সময় তাঁর হাত থেকে রক্ত ঝরছিল।
শুক্রবার রাতের খাবার খেয়ে মাজেদা বেগম নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে তিনি চিৎকার শুরু করেন। তাঁর হাতে সাপে কামড় দিয়েছে বলে জানিয়ে লোকজনের সহায়তা চান।
লোকজন ঘরে আলো জ্বালিয়ে সাপ খুঁজতে থাকেন। একপর্যায়ে ঘরের দরজা দিয়ে একটি বিষধর সাপ বের হয়ে যেতে দেখেন তাঁরা। সাপের কামড়ের বিষয় নিশ্চিত হওয়ার পর স্থানীয়ভাবে ওই নারীকে চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আগের দিন ভোরে ইউনিয়নের চকসেউজবাড়ি গ্রামে সাপের কামড়ে রাসেল হোসেন (১২) নামের এক শিশু মারা যায়। নানার বাড়িতে বেড়াতে এসে সে মারা যায়। কিছু এলাকায় বন্যার পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।