বাগমারায় এক রাতে সাতটি বৈদ্যুতিক টান্সফরমার চুরি
ঘন ঘন লোডশেডিংয়ের সুযোগে রাজশাহীর বাগমারা উপজেলায় এক রাতে সাতটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের রায়াপুর ও তালঘোড়িয়া গ্রামে মঙ্গলবার রাতে এই চুরির ঘটনা ঘটে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি বাগমারার আঞ্চলিক দপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে লোডশেডিং চলাকালে রায়াপুর গ্রামের আবদুস সামাদ মৃধা, রফিকুল ইসলাম ও তালবাড়িয়া গ্রামের মোহাম্মদ আশরাফুল ইসলামের বাড়ির পাশের মোট সাতটি ট্রান্সফরমার চুরি হয়েছে।
আশরাফুল ইসলাম বলেন, ট্রান্সফরমার চুরি হওয়াতে ধানখেতে সেচকাজ বন্ধ আছে। বেশ কয়েক দিন ধরে ঘন ঘন লোডশেডিংয়ের কারণেই ট্রান্সফরমার চুরির এ ঘটনা ঘটছে।
বাগমারা পল্লী বিদ্যুৎ জোনাল কার্যালয়ের মহাব্যবস্থাপক মিনারুল ইসলাম বলেন, হঠাৎ করেই বাগমারায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির প্রবণতা বেড়ে গেছে। চুরি ঠেকাতে তিনি পুলিশের সহায়তা চেয়েছেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় তিনটি পৃথক অভিযোগ পেয়েছেন। চুরি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আশ্বাস দিয়েছেন তিনি।