বাগাতিপাড়ায় নদে ভাসছিল অজ্ঞাতনামা বৃদ্ধার লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদ থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার সাজা মালঞ্চি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে ওই বৃদ্ধার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তাঁর আনুমানিক বয়স ৬৫ বছর।

নিহত বৃদ্ধার পরিচয় শনাক্ত করতে আজ বেলা একটার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।

বাগাতিপাড়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে সাজা মালঞ্চি গ্রামের লোকজন বড়াল নদের পানিতে এক বৃদ্ধার লাশ ভেসে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নদের তীরে রেখেছে। মালঞ্চিসহ আশপাশের লোকজন ওই বৃদ্ধার পরিচয় শনাক্ত করতে পারেননি। স্থানীয় লোকজনের মধ্যে অনেকে বলছেন, কয়েক দিন ধরে তাঁকে মালঞ্চি গ্রামে ভিক্ষা করতে দেখা গেছে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বৃদ্ধার মৃত্যুর কারণ জানা যায়নি। তাঁর পরিচয়ও কেউ বলতে পারছে না। নিহত বৃদ্ধার আঙুলের ছাপ সংগ্রহ করে সিআইডি পরিচয় শনাক্তের চেষ্টা করছে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর ওই বৃদ্ধার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।