বাগেরহাট জেলায় করোনার সংক্রমণের হার ৫০
বাগেরহাটে জেলায় ২৪ ঘণ্টায় ৪০ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনার সংক্রমণের হার ৫০। আজ রোববার বাগেরহাট জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সম্প্রতি বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণের হার বাড়লেও, নমুনা পরীক্ষায় মানুষের আগ্রহ কম দেখা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত ২০ জনের মধ্যে শরণখোলা উপজেলার ৭ জন, বাগেরহাট সদর উপজেলার ৬, ফকিরহাটের ৫, কচুয়া ও মোংলা উপজেলায় ১ জন করে আছেন। এ ছাড়া ২১ জানুয়ারি বাগেরহাটে ২০ জনের নমুনা পরীক্ষায় ৪ জন, ২০ জানুয়ারি ৩৬ জনের নমুনা পরীক্ষায় ৮, ১৯ জানুয়ারি ৩৭ জনের নমুনা পরীক্ষায় ৪ ও ১৮ জানুয়ারি ২৭ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
ডেপুটি সিভিল সার্জন মো. হাবিবুর রহমান বলেন, বাগেরহাটে প্রতিনিয়ত করোনার সংক্রমণ বাড়ছে। অসচেতনতা, মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি আরও বলেন, ‘করোনার সংক্রমণ রোধে প্রথম থেকেই মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। এ পর্যন্ত বাগেরহাটে ১১ লাখ ২ হাজার ২৬৯ জনকে প্রথম ডোজ, ৭ লাখ ৩ হাজার ৬২৪ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। বুস্টার ডোজ নিয়েছেন ২০ হাজার ৯০৫ জন।’