বাগেরহাটে আন্তর্জাতিক অহিংস দিবসে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে বাগেরহাট ও মোংলায় মানববন্ধন করেছে সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজি)।

শনিবার সকালে বাগেরহাট শহরের প্রেসক্লাব প্রাঙ্গণে এবং মোংলা উপজেলার পোর্ট স্কুলের সামনে এই মানববন্ধন হয়।

২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে সারা বিশ্বে আন্তর্জাতিক অহিংস দিবস পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তারা গান্ধীর বক্তব্য ‘অহিংসার প্রথম নীতিই হলো সকল অমর্যাদাকে প্রত্যাখ্যান করা। নিষ্ক্রিয় থেকে অহিংসা প্রতিষ্ঠা করা যায় না’ তুলে ধরে বলেন, বাংলাদেশ শান্তি সম্প্রীতির দেশ। অহিংস নীতিতে উদ্বুদ্ধ হয়েই সবাইকে রাজনৈতিক, সামাজিকসহ দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।

মানববন্ধনকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন পিএফজির মোংলা সমন্বয়কারী ও সুজন সাধারণ সম্পাদক মো. নূর আলম শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রোকন উদ্দিন, মোংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন, জাতীয় পার্টির নেতা রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান, বিএনপি নেতা শেখ শাকির হোসেন, সিপিবি নেতা নাজমুল হক, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আরমান, নারীনেত্রী কমলা সরকার প্রমুখ।