বাগেরহাটে আরও একজনের করোনা শনাক্ত

বাগেরহাটে আরও একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত নারীর বাড়ি জেলার কচুয়া উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নে। গতকাল রোববার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় তাঁর করোনাভাইরাস শনাক্ত হয়।
বাগেরহাটের সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় ওই নারীর গ্রামের তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে।
চট্টগ্রাম থেকে আসা ২৫ বছর বয়সী ওই নারী বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। তিনি মোটামুটি সুস্থ আছেন।
ওই নারীর বরাত দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মনিশংকর পাইক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই নারী গার্মেন্টসের কাজের জন্য কিছুদিন আগে চট্টগ্রাম গিয়েছিলেন। লকডাউনের কারণে কাজ না হওয়ায় ঢাকা হয়ে গ্রামে ফিরে আসেন। এখানে তিনি তাঁর ভাইয়ের বাড়িতে থাকতেন। তাঁর স্বামী একজন ফেরিওয়ালা। স্বামী এখন ভারতে আছেন।
গত বৃহস্পতিবার রাতে ওই নারী বাড়িতে এলে স্থানীয় লোকজন তাঁকে বাড়িতে উঠতে বাধা দেন। পরে শুক্রবার তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে স্বাস্থ্য বিভাগ তাঁকে সেখানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখে। তবে তাঁর শরীরে কোনো উপসর্গ ছিল না বলে জানান ওই চিকিৎসক।
কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মনজুরুল আলম জানান, শনিবার ওই নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনার পিসিআর ল্যাবরেটরিতে পাঠানো হয়।গতকাল নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ আসায় বাগেরহাটের স্বাস্থ্য বিভাগকে জানানো হয়েছে।
রাতে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমওসহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের একটি দল ওই এলাকায় যায়। তারা ওই নারী যে বাড়িতে ছিলেন, সেই বাড়িসহ তিনটি বাড়ি লকডাউন করেছে।
ইউএনও সুজিৎ দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘ওই নারী বর্তমানে হাসপাতালে আছেন। কারা তাঁর সংস্পর্শে এসেছেন, আমরা তা জানতে চেষ্টা করছি। আজ স্বাস্থ্য বিভাগ তাঁদের নমুনা সংগ্রহ করবে।’